জয়দেবপুরে তেলবাহী ট্রেন লাইনচ্যুত, দেড় ঘণ্টা পর সচল
গাজীপুরের জয়দেবপুরে জ্বালানি তেলবাহী একটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। আজ রোববার বেলা একটার দিকে জংশনের ৪ নম্বর লাইনে এ ঘটনা ঘটে। এতে পঞ্চগড়, খুলনা, লালমনিরহাট ও রংপুর থেকে ঢাকামুখী সব ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। প্রায় দেড় ঘণ্টা পর ট্রেনটি আবার সচল করা হয়।
স্থানীয় বাসিন্দা ও জয়দেবপুর রেল জংশন সূত্রে জানা যায়, ঢাকা থেকে ছেড়ে আসা তেলবাহী ট্রেনটি (৯৮১) রংপুর অঞ্চলের দিকে যাচ্ছিল। ট্রেনে মোট ২৫টি কনটেইনার যুক্ত ছিল। দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে জয়দেবপুর জংশন অতিক্রমের সময় পেছনের দিক থেকে ট্রেনের চারটি কনটেইনার লাইচ্যুত হয়ে পড়ে। রাজবাড়ী সড়কের ওপর লেভেল ক্রসিংয়ে ট্রেনটি থেমে যায়।
বেলা দেড়টার দিকে সরেজমিনে দেখা যায়, লেভেল ক্রসিংটি জংশনের ঠিক পাশেই। ট্রেনটি সরসারি আটকে ছিল লেভেল ক্রসিংয়ের ওপর। চারটি কনটেইনার লাইনচ্যুত হয়ে পড়েছিল জংশনের ৪ নম্বর লাইনে। এতে বন্ধ হয়ে যায় সড়কের দুই পাশের যানবাহন চলাচল। মানুষজনদের কেউ কেউ দাঁড়িয়ে থাকা ট্রেনের ফাঁকা স্থান দিয়ে রাস্তা পার হচ্ছিলেন, কেউবা যাচ্ছিলেন বিকল্প পথে। এভাবে প্রায় এক ঘণ্টা চলার পর বেলা ২টা ১০ মিনিটের দিকে বিশেষ ব্যবস্থায় ট্রেনটিকে লেভেল ক্রসিং থেকে সরানো হয়। আর সোয়া তিনটির দিকে ট্রেনটি সচল করা হয়।
ঘটনাস্থলে কথা হয় লালমনিরহাট বিভাগের গার্ড (ট্রেন পরিচালক) শাহাদাৎ হোসেনের সঙ্গে। তিনি বলেন, ট্রেনটি লালমনিরহাটের দিকে যাচ্ছিল। লাইনের স্লিপার, নাট-বল্টু বা অন্যান্য জিনিসপত্র পুরোনো হয়ে পড়ায় এ সমস্যা হতে পারে।
এ বিষয়ে জানতে জয়দেবপুর রেল জংশনের স্টেশনমাস্টার রেজাউল করিম মুঠোফোনে বলেন, লাইনচ্যুত হওয়ার প্রায় দেড় ঘণ্টা পর তেলবাহী ট্রেনটিকে আবার চালু করা হয়েছে। সমস্যা কেটে গেছে। ট্রেন চলাচল স্বাভাবিক আছে।