জয়পুরহাটে আরও ছয়জনের করোনা শনাক্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাট জেলায় আরও ছয়জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় কোভিড-১৯ রোগীর সংখ্যা দাঁড়াল ২৪৬। শনিবার জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্র এ তথ্য জানিয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, জেলার ৭৪টি নমুনা পরীক্ষায় ছয়জনের করোনা পজিটিভ এসেছে। এঁদের মধ্যে চারজন জয়পুরহাট সদর উপজেলার ও বাকি দুজন পাঁচবিবি উপজেলার বাসিন্দা। জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা এখন ২৪৬। এর মধ্যে ১৬১ জন গোপীনাথপুর ইনস্টিটিউট অব হেলথ টেকনোলজির প্রাতিষ্ঠানিক আইসোলেশন থেকে সুস্থ হয়ে বাড়িতে ফিরেছেন। জেলায় এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে কেউ মারা যাননি।
জয়পুরহাটের সিভিল সার্জন সেলিম মিঞা প্রথম আলোকে বলেন, আইসোলেশনে থাকা রোগীদের সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। রোগীরা নিয়মকানুন মেনে চলছেন। আবার অধিকাংশ রোগীর জটিল কোনো উপসর্গ নেই। ফলে তাঁরা দ্রুত সুস্থ হয়ে উঠছেন।