জয়পুরহাটে ছাত্রদল ও যুবদলের সাত নেতা-কর্মীকে ছুরিকাঘাত
জয়পুরহাটে ছাত্রদল ও যুবদলের সাত নেতা-কর্মী ছুরিকাঘাতে আহত হয়েছে। বৃহস্পতিবার রাত আটটায় জয়পুরহাট শহরের রেলগেট এলাকায় জেলা বিএনপির কার্যালয়ের পেছনে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ চলাকালে এ ঘটনা ঘটে।
কেন্দ্রীয় বিএনপির সদস্য ফয়সাল আলীম ও জয়পুরহাট জেলা বিএনপির সাবেক সহসভাপতি গোলাম মোস্তফার অনুসারী দলীয় নেতা-কর্মীরা এ ঘটনা ঘটিয়েছেন বলে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গোলজার হোসেন অভিযোগ করেন। এ অভিযোগের বিষয়ে কথা বলার জন্য গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপি নেতা ফয়সাল আলীম ও গোলাম মোস্তফার মুঠোফোনে একাধিকবার ফোন করা হলেও তাঁদের পাওয়া যায়নি। এ কারণে তাঁদের বক্তব্য জানা সম্ভব হয়নি। জেলা বিএনপির দুই পক্ষের মধ্যে আন্তকোন্দলের জেরে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
ছুরিকাঘাতে আহত ব্যক্তিরা হলেন জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রেজভী আহাম্মেদ (৩২), সদস্য রাজীব আহম্মেদ (৩৪) ও আজিজুল ইসলাম (৩২), জেলা ছাত্রদলের সাবেক সহসাংগঠনিক সম্পাদক আমিনুর রহমান (৩২), জয়পুরহাট সরকারি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আহাদ হোসেন (২৪) ও সাগর চৌধুরী (২২) এবং জয়পুরহাট সদর উপজেলা ছাত্রদলের সদস্য মেহেদী হাসান (৩০)। তাঁদের মধ্যে গুরুতর আহত রেজভী আহাম্মেদ, আমিনুর রহমান ও মেহেদী হাসানকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। বাকি চারজনকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জয়পুরহাট জেলা বিএনপির একটি সূত্র, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জয়পুরহাট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি নেই। আহ্বায়ক কমিটি দিয়ে চলছে জেলা বিএনপি। আহ্বায়ক কমিটির শীর্ষ পদে স্থান পাননি দলটির কয়েক নেতা। এ নিয়ে দলটির নেতা-কর্মীদের মধ্যে দ্বন্দ্ব চলে আসছে। এ কারণে দলের সহযোগী সংগঠনের নেতা-কর্মীরাও একাধিক ভাগে বিভক্ত। শিগগিরই জয়পুরহাট জেলা বিএনপির পূর্ণাঙ্গ কমিটি হতে পারে, তাই দলটির নেতা-কর্মীদের মধ্যে অভ্যন্তরীণ বিরোধ আরও বেড়ে যায়। দলীয় কোন্দলের মধ্যে বর্তমান আহ্বায়ক কমিটির নেতারা দলীয় নেতা-কর্মীদের সুসংগঠিত করার কাজ করছিলেন।
এমন পরিস্থিতিতে প্রতিদিনই জেলা বিএনপির দলীয় কার্যালয়ে নেতা-কর্মীদের ভিড় লেগে থাকত। সেখানে নেতা-কর্মীরা দলীয় কর্মসূচিগুলো পালন করে আসছিলেন। প্রতিদিনের মতো বৃহস্পতিবার বিকেলে শহরের রেলগেটের জেলা বিএনপির দলীয় কার্যালয়ে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়ো হয়েছিলেন।
রাত আটটার কিছু আগে দলীয় কার্যালয়ের পেছনে রেললাইনের ওপর ছাত্রদল ও যুবদলের নেতা-কর্মীরা দাঁড়িয়ে ছিলেন। এসময় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে একটি পোস্ট দেওয়া নিয়ে জেলা বিএনপির আহ্বায়ক শামসুল আলমের পক্ষের নেতা–কর্মীদের সঙ্গে বিএনপি নেতা ফয়সাল আলীমের পক্ষের নেতা–কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষের সময় আহ্বায়কের পক্ষের ছাত্রদল ও যুবদলের সাত নেতা-কর্মী ছুরিকাঘাতে আহত হয়। এ নিয়ে দলটির নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। খবর পেয়ে পুলিশ সেখানে গিয়ে পরিস্থিতি শান্ত করে।
এ নিয়ে জয়পুরহাট জেলা বিএনপির বিবদমান দুটি গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। এ ঘটনাকে কেন্দ্র করে বড় ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার আশঙ্কা করছেন দলটির নেতা-কর্মীরা।
জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলমগীর জাহান প্রথম আলোকে বলেন, জেলা বিএনপির বিবদমান দুটি গ্রুপের মধ্যে বিরোধের জেরে এ হামলার ঘটনা ঘটেছে। এতে ছাত্রদল ও যুবদলের কয়েক নেতা-কর্মী আহত হয়েছেন। এ ঘটনায় কেউ থানায় লিখিত অভিযোগ করেনি।