জয়পুরহাটে জামায়াতের পাঁচ নেতা–কর্মী গ্রেপ্তার
জয়পুরহাটের কালাই উপজেলায় জামায়াত ইসলামীর উপজেলা আমিরসহ পাঁচ নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বুধবার সন্ধ্যায় কালাই পৌর শহরের উপজেলাপাড়ার মুনছুর রহমানের বাড়ি থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
পুলিশের করা বিশেষ ক্ষমতা আইনে মামলায় তাঁদের গ্রেপ্তার দেখানো হয়েছে। পুলিশের ভাষ্য, রাষ্ট্রবিরোধী গোপন বৈঠক করার সময় তাঁদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন মুনছুর রহমান (৪৭), রেজাউল করিম (৪৫), মোজফ্ফর হোসেন (৪৭), তাইফুল ইসলাম ওরফে ফিতা (৪৭) ও আবদুর রউফ (৪৪)। তাঁদের মধ্যে মুনছুর রহমান কালাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির।
কালাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মালিক বলেন, কালাই উপজেলা জামায়াতে ইসলামীর আমির মুনছুর রহমান তাঁর বাড়িতে জামায়াতে ইসলামী নেতা-কর্মীদের নিয়ে সরকার উৎখাতের ষড়যন্ত্র ও রাষ্ট্রবিরোধী বৈঠক করছিলেন। সন্ধ্যা সাড়ে ছয়টায় পুলিশ খবর পেয়ে বাড়িটিতে অভিযান চালিয়ে মুনছুর রহমানসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে। আজ বৃহস্পতিবার আসামিদের আদালতে পাঠানো হবে।