জয়পুরহাটে ট্রেনে কাটা পড়ে ভ্যানচালকের মৃত্যু
জয়পুরহাটে রেললাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার সকাল সাড়ে ৯টায় তিলকপুর রেলস্টেশনে এ ঘটনা ঘটে।
নিহত ভ্যানচালকের নাম আন্ত মিয়া (৫০)। তিনি আক্কেলপুর উপজেলার নওজোর গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীরা জানান, আন্ত মিয়া সকালে ভ্যান নিয়ে তিলকপুর বাজারে আসেন। রেলস্টেশনের পাশে ভ্যান রেখে তিলকপুর রেলস্টেশনের প্ল্যাটফর্মে গিয়ে লোকজনের সঙ্গে গল্প করেন। গল্প শেষে সকাল পৌনে ৯টার দিকে রেলস্টশন থেকে নেমে পূর্ব দিকে বাজারে যাওয়ার জন্য তিনি রেললাইন পার হচ্ছিলেন। এ সময় রাজশাহী থেকে ছেড়ে আসা চিলাহাটীগামী আন্তনগর তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে আন্ত মিয়া মারা যান।
তিলকপুর বাজারের পশুচিকিৎসক আবু হাসান বলেন, ভ্যানচালক আন্ত মিয়া রেলস্টেশন থেকে নেমে ২ নম্বর রেললাইনে ওঠার পরপরই তিতুমীর ট্রেনে কাটা পড়ে মারা যান।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইদুর রহমান বলেন, ট্রেনে কাটা পড়ে একজনের মৃত্যুর বিষয়টি সান্তাহার রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।