জয়পুরহাটে দুই শিশুকে ধর্ষণের দায়ে একজনের ৬০ বছর কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আদালত
প্রতীকী ছবি

জয়পুরহাটে দুই শিশুকে ধর্ষণের অভিযোগে করা মামলায় আবু সালাম (৫৮) নামের একজনকে ৬০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোস্তম আলী এ রায় দেন।

আবু সালাম পাঁচবিবি উপজেলার বাসিন্দা। এ ছাড়া তাঁকে দুটি ধারায় তিন লাখ টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১৪ জুলাই পাঁচবিবি উপজেলার একটি গ্রামের এক বাড়িতে দুধ নিতে যায় দুই শিশু। দুধ নিয়ে বাড়ি ফেরার পথে আবু সালাম শিশু দুটিকে তাঁর বাড়িতে নিয়ে যান। শিশু দুটিকে তিনি ধর্ষণ করেন। পরে হাসপাতালে শিশু দুটিকে চিকিৎসা দেওয়া হয়। ওই ঘটনায় করা মামলায় আজ দুপুরে আসামির অনুপস্থিতিতে রায় ঘোষণা করা হয়।

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিশেষ কৌঁসুলি ফিরোজা চৌধুরী দণ্ডাদেশের খবরের সত্যতা নিশ্চিত করেছেন।