জয়পুরহাটে ভাইকে হত্যায় দুই সহোদরসহ তিনজনের মৃত্যুদণ্ড
জয়পুরহাটে আপন ভাইকে হত্যার দায়ে দুই সহোদরসহ তিনজনকে ফাঁসির আদেশ দিয়েছেন আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. নুর ইসলাম এ আদেশ দেন।
ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন সেকেন্দার আলী (৩৮), শহিদুল ইসলাম (৩৫) ও বাবু হোসেন (৩৫)। এর মধ্যে সেকেন্দার ও শহিদুল আপন দুই ভাই। তাঁরা জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের মৃত তাজেম মণ্ডলের ছেলে। এদিকে বাবু হোসেন একই উপজেলার মৃত ময়েজ উদ্দিনের ছেলে।
মামলা ও আদালত সূত্রে জানা গেছে, ২০০৭ সালের ১ মার্চ রাতে জমিসংক্রান্ত বিরোধে উপজেলার আওয়ালগাড়ী গ্রামের মৃত তাজেম মণ্ডলের ছেলে জাহের আলীকে হত্যা করা হয়। জাহের আলীর সঙ্গে তাঁর ভাই সেকেন্দার ও শহিদুলের জমি নিয়ে বিরোধ চলছিল। ঘটনার দিন রাতে সেকেন্দার, শহিদুল ও বাবু—এ তিনজন মিলে জাহের আলীর ঘরে ঢোকেন। এরপর তাঁরা জাহের আলীর স্ত্রী-সন্তানকে রশি দিয়ে বেঁধে জাহের আলীকে টেনেহিঁচড়ে ঘর থেকে বের করে উঠানে নিয়ে যান। এরপর সেখানে জাহের আলীকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।
ঘটনার পরদিন ২ মার্চ নিহতের শ্বশুর আশরাফ আলী বাদী হয়ে আক্কেলপুর থানায় ওই তিনজনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। দীর্ঘ শুনানি শেষে আদালতের বিচারক আজ দুপুরে আসামিদের উপস্থিতিতে ফাঁসির আদেশ দেন।
তবে আসামিপক্ষের আইনজীবী নন্দ কিশোর আগরওয়ালা প্রথম আলোকে বলেন, ‘আমরা এ রায়ে ক্ষুব্ধ হয়েছি। এ রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করব।’
জয়পুরহাট জেলা ও দায়রা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল বলেন, আসামিদের উপস্থিতিতে ফাঁসির আদেশ দেওয়া হয়েছে। এ রায়ে রাষ্ট্রপক্ষ সন্তোষ প্রকাশ করছে।