জয়পুরহাটে মাদক মামলায় এক আসামির যাবজ্জীবন কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাদণ্ড
প্রতীকী ছবি

জয়পুরহাটে মাদক মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ মো. নূর ইসলাম এ রায় ঘোষণা করেন। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও পাঁচ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডিত মো. মিন্টুর (৩৫) বাড়ি জয়পুরহাট পৌর এলাকার বুলুপাড়া মহল্লায়। তিনি পলাতক।

মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, ২০১০ সালের ১৩ নভেম্বর জয়পুরহাট জেলা পরিষদের ডাকবাংলোর সামনে প্যান্টের পকেটে হেরোইন রেখে বাসের জন্য অপেক্ষা করছিলেন মিন্টু। গোপন সংবাদের ভিত্তিতে জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের সদস্যরা সেখানে গিয়ে চার পুরিয়া হেরোইনসহ তাঁকে গ্রেপ্তার করে। এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় তাঁর বিরুদ্ধে মামলা করা হয়। তদন্ত শেষে তাঁর বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। আদালত অভিযোগপত্র আমলে নিয়ে বিচারকাজ শুরু করেন। দীর্ঘদিন পর আজ এ মামলার রায় ঘোষণা করা হয়।

জয়পুরহাট আদালতের রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নৃপেন্দ্রনাথ মণ্ডল প্রথম আলোকে বলেন, মাদক মামলায় আসামি মো. মিন্টুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ৫ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত।