জয়পুরহাটে যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সড়ক দুর্ঘটনা
প্রতীকী ছবি

জয়পুরহাটে ঢাকাগামী হানিফ পরিবহনের যাত্রীবাহী বাসের সঙ্গে পিকআপভ্যানের মুখোমুখি সংঘর্ষে পিকআপচালক নিহত হয়েছেন। আজ শনিবার সকাল সাড়ে আটটার দিকে জয়পুরহাট-মোকামতলা সড়কের ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত পিকআপভ্যান চালকের সহকারীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহত পিকআপভ্যান চালকের নাম মাসুদ রানা (৩৬)। তিনি চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাসিন্দা। গুরুতর আহত মনোরঞ্জন (৩৭) একই উপজেলার দুর্লভপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকালে হিলি থেকে যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস ঢাকার উদ্দেশে এবং মোকামতলায় মাছ বিক্রি করে একটি পিকআপ জয়পুরহাটের উদ্দেশে রওনা দেয়। জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার শালবন এলাকায় বাসটির সঙ্গে পিকআপভ্যানটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিকআপভ্যানের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন পিকআপভ্যানের চালক মাসুদ রানা। এরপর পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে এসে হতাহতদের উদ্ধার করেন।

জয়পুরহাটের ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নৃপেন্দ্রনাথ মণ্ডল প্রথম আলোকে বলেন, চালকের আহত সহকারীকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্ত শেষে পিকআপভ্যান চালকের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।