জয়পুরহাটে শিশু অপহরণ ও ধর্ষণচেষ্টার মামলায় এক ব্যক্তির ৪০ বছর কারাদণ্ড
জয়পুরহাটে শিশু অপহরণ ও ধর্ষণচেষ্টার মামলার এক আসামিকে ৪০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এর মধ্যে অপহরণের দায়ে যাবজ্জীবন ও ধর্ষণচেষ্টার দায়ে ১০ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া তাঁকে একই মামলার পৃথক দুটি ধারায় দেড় লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও দেড় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রুস্তম আলী এ রায় দেন।
জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিশেষ কৌঁসুলি (পিপি) ফিরোজা চৌধুরী রায়ের বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেছেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম মফিজুল ইসলাম (৩৩)। তিনি জেলার ক্ষেতলাল উপজেলার তেলাবদুল গ্রামের আওলাদ হোসেনের ছেলে। এর আগে গত ১৩ সেপ্টেম্বর একই আদালত শিশু অপহরণের পৃথক একটি মামলায় মফিজুল ইসলামকে ২৫ বছরের কারাদণ্ড দেন।
গত বছরের ৯ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম আদালতে মফিজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, গত ২০১৭ সালের ১৮ সেপ্টেম্বর বিকেল ৩টার দিকে জয়পুরহাটের একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির এক ছাত্রী (১১) অটোরিকশায় করে বাড়িতে ফিরছিল। এ সময় একই অটোরিকশায় থাকা যাত্রী মফিজুল ইসলাম ওই ছাত্রীর কাছ থেকে তার নাম-ঠিকানা ও বাবার মুঠোফোন নম্বর জেনে নেন। পরে তিনি মুঠোফোনে ওই ছাত্রীর বাবার সঙ্গে কথা বলেন। এরপর করিমনগর স্কুলের সামনে গেলে অটোরিকশা থেকে ওই ছাত্রীকে নামিয়ে নেন তিনি। পরে ওই ছাত্রীকে করিমনগর স্কুলের পাশের একটি বাঁশঝাড়ের ভেতরে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন মফিজুল। তাঁর হাত থেকে কোনোরকমে রক্ষা পেয়ে ওই ছাত্রী দৌড়ে পালিয়ে বাড়িতে ফেরে। এরপর মা-বাবাকে ঘটনাটি জানায় সে। পরে জয়পুরহাট পৌরসভার সিসিটিভি ক্যামেরার ফুটেজে মফিজুল ইসলামকে শনাক্ত করা হয়।
এ ঘটনায় ওই বছরের ২৩ সেপ্টেম্বর ওই ছাত্রীর বাবা বাদী হয়ে জয়পুরহাট সদর থানায় অপহরণ ও ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা করেন। গত বছরের ৯ এপ্রিল মামলার তদন্তকারী কর্মকর্তা জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক (এসআই) তাজুল ইসলাম আদালতে মফিজুল ইসলামের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। দীর্ঘ শুনানির পর আজ দুপুরে এ মামলার রায় ঘোষণা করা হয়।
জয়পুরহাট আদালতের পুলিশ পরিদর্শক আবদুল লতিফ খান বলেন, দণ্ডপ্রাপ্ত আসামি মফিজুল ইসলামকে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে একটি মামলায় তাঁর ২৫ বছরের কারাদণ্ড দিয়েছিলেন আদালত। তাঁর বিরুদ্ধে আরও একটি মামলা বর্তমানে বিচারাধীন।