জয়পুরহাটে শিশু অপহরণ মামলায় যুবকের ২৫ বছর কারাদণ্ড
জয়পুরহাটে শিশু অপহরণ মামলার এক আসামিকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আজ সোমবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক রোস্তম আলী এ রায় দিয়েছেন।
দণ্ডপ্রাপ্ত আসামির নাম মফিজুল ইসলাম (৩৩)। তিনি ক্ষেতলাল উপজেলার তেলাবদুল গ্রামের আওলাদ হোসেনের ছেলে। এ ছাড়া তাঁকে এক লাখ টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের করাদণ্ড দেওয়া হয়েছে।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ২২ জানুয়ারি বেলা সাড়ে ১১টার দিকে জয়পুরহাট শহরের বাবুপাড়া গ্রামের ১০ বছরের এক শিশুকন্যা কালেক্টরেট বিদ্যালয়ে আসার পথে তাকে অপহরণ করে মফিজুল। তিনি শিশুটিকে সদর উপজেলার আউশগাড়া এলাকায় নিয়ে যান। এ সময় শিশুটি চিৎকার করলে স্থানীয় লোকজন এগিয়ে এসে মফিজুলকে আটক করে পুলিশকে খবর দেন। পুলিশ এসে শিশুটিকে উদ্ধার করে। ওই ঘটনায় শিশুর বাবা বাদী হয়ে সদর থানায় অপহরণ মামলা করেন। পরে আসামি জামিনে ছাড়া পান। পুলিশ আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। আজ সোমবার রায়ের দিন ধার্য ছিল।
জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের স্পেশাল পিপি ফিরোজা চৌধুরী বলেন, শিশু অপহরণ মামলায় আসামি মফিজুলকে ২৫ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁর এক লাখ টাকা জরিমানা অনাদায়ে তাঁকে আরও তিন মাসের করাদণ্ড দিয়েছেন।
জয়পুরহাট আদালতের পুলিশ পরিদর্শক আবদুল লতিফ খান বলেন, দণ্ডপ্রাপ্ত আসামিকে কারাগারে পাঠানো হবে।