জয়পুরহাটে স্কুলছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি

জয়পুরহাটের ক্ষেতলালে দশম শ্রেণিতে পড়ুয়া সালাউদ্দিন হোসেন  (১৬) নামের এক শিক্ষার্থীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে উপজেলার তালশন নয়াপাড়া গ্রামে নিজ বাড়ির সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থা থেকে তার লাশ উদ্ধার করা হয়। সালাউদ্দিন ওই গ্রামের আন্তাজ আলীর ছেলে ও ক্ষেতলাল সরকারি পাইলট উচ্চবিদ্যালয় অ্যান্ড কলেজের শিক্ষার্থী।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সালাউদ্দিন কয়েক দিন ধরে মা-বাবার কাছে একটি মোটরসাইকেল কিনে দেওয়ার বায়না ধরেছিল। পরিবারের অসচ্ছলতার কারণে তার মা–বাবা মোটরসাইকেলটি কিনে দেননি। সে তাঁদের অনেক চাপ দিলে তাঁরা মাধ্যমিক পরীক্ষার পর কিনে দেবেন বলে জানান। এ নিয়ে গতকাল শনিবার দিনের বেলা মা–বাবার সঙ্গে তার মনোমালিন্য হয়। পরে রাতে খাওয়াদাওয়া শেষে সে নিজের ঘরে ঘুমিয়ে পড়ে। আজ সকালে ঘুম থেকে না ওঠায় তার মা দরজার সামনে গিয়ে অনেক ডাকাডাকি করেন। এতে কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি জানালা খুলে ঘরের সিলিং ফ্যানের সঙ্গে তাকে রশিতে ঝুলতে দেখেন। এরপর স্বজনেরা দরজা ভেঙে তার মরদেহ নিচে নামান।

সালাউদ্দিনের বাবা আন্তাজ আলী বলেন, ‘সালাউদ্দিন আমাদের কাছে একটি মোটরসাইকেল চেয়েছিল। আমি এখন মোটরসাইকেল কিনে দিতে পারব না বলে জানিয়েছিলাম। এতে সে অভিমান করে আত্মহত্যা করেছে। ছেলে এত অভিমানী হতে পারে, ভাবতে পারছি না।’

ক্ষেতলাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নীরেন্দ্র নাথ প্রথম আলোকে বলেন, মোটরসাইকেল কিনে না দেওয়ায় মা-বাবার ওপর অভিমান করে সালাউদ্দিন হোসেন নামের দশম শ্রেণির এক ছাত্র আত্মহত্যা করেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা হয়েছে।