মধুপুর বনাঞ্চল
ঝরা পাতায় তাঁদের জীবিকা
টাঙ্গাইলের মধুপুর বনের গাছের ঝরা পাতা সংগ্রহ করে আনারসচাষিদের কাছে বিক্রি করে অর্থ উপার্জন করেন শ্রমজীবী মানুষ।
টাঙ্গাইলের মধুপুর বনাঞ্চলে ঝরা পাতা কুড়িয়ে হাজারের বেশি মানুষ তিন মাসের জন্য জীবিকা নির্বাহ করেন। এসব পাতা সরবরাহ করা হয় আনারস চাষের জমিতে। এতে জমির উর্বরতা বাড়ে, ভালো ফলন হয় আনারসের।
স্থানীয় ক্ষুদ্র জাতিগোষ্ঠীর লোকজন জানান, মধুপুর বনের গজারিগাছের পাতা ফেব্রুয়ারি মাসে ঝরা শুরু হয়। এপ্রিল পর্যন্ত এই পাতা ঝরা অব্যাহত থাকে। এই সময়েই মধুপুরের বিভিন্ন এলাকায় আনারসের চারা রোপণ শুরু হয়। আনারসের বাগানে চারা রোপণের পর গজারিগাছের পাতা বিছিয়ে দেওয়া হয়। এতে আগাছার হাত থেকে বাগান রক্ষা পায়। সেই সঙ্গে গজারির পাতা পচে মাটিতে মিশে জমির উর্বরতা শক্তি বৃদ্ধি করে। এলাকার ছয়টি ইউনিয়নের সহস্রাধিক মানুষ তিন মাস ঝরা পাতা সংগ্রহ করে আনারসচাষিদের কাছে বিক্রি করে অর্থ উপার্জন করেন।
পাতা সংগ্রহকারী উজ্জ্বল মিয়া বলেন,দূরত্ব অনুযায়ী ৮০০ থেকে ১ হাজার ২০০ টাকা পর্যন্ত বিক্রি করেন। স্থানীয় জয়েনশাহী আদিবাসী উন্নয়ন পরিষদের সভাপতি ইউজিন নকরেক বলেন, দিন দিন ঝরা পাতার চাহিদা বাড়ছে।