ঝাল মরিচে মুখে হাসি জুমচাষিদের

আদিবাসীদের কেউ ‘গুড়ি মরিচ’, কেউ ‘ধান্য মরিচ’ বা ‘সুচ মরিচ’ বলেন। বাঙালিরা বলেন ‘জুম্ম মরিচ’। আসলে প্রচণ্ড ঝাল এবং জুমখেতে উৎপন্ন হওয়ার কারণেই এমন নাম। নাম যা–ই হোক ছোট এবং ঝাল এই মরিচ চাষিদের মুখে হাসি এনে দিচ্ছে।
জুমখেতে যেসব ফসল উৎপন্ন হয় তার মধ্যে অন্যতম এ মরিচ অর্থকরী ফসল হিসেবে জুমচাষিদের সমাদর পাচ্ছে। তার প্রধান কারণ মরিচটি দীর্ঘ সময় ফলন দেয় এবং আদিবাসীদের খুবই প্রিয়। জুমখেতে মরিচ উৎপাদন থেকে পাওয়া টাকার পুরোটাই লাভের অংশ। কারণ মরিচটির জন্য বাড়তি কোনো পরিশ্রম করতে হয় না বলে চাষিরা জানান।
রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের অতিরিক্ত উপপরিচালক (শস্য) পবন কুমার চাকমা বলেন, ধানের সঙ্গে জুমখেতে রোপণযোগ্য ফসলের মধ্যে মরিচ অন্যতম। উৎপাদিত মরিচ বিক্রি করে চাষিরা লাভবান হতে পারেন। তা ছাড়া জুমখেতের মরিচ বর্ষজীবী হওয়ায় ছাঁটাই করে দুই মৌসুম উৎপাদনে আনা যায়।
এখন মরিচটির ফলনের মৌসুম। রাঙামাটি শহরের বিভিন্ন বাজারে উঠেছেও প্রচুর। তার পরও বিক্রি হচ্ছে প্রতি কেজি ১০০ থেকে ১৩০ টাকায়। কলেজ গেট-কল্যাণপুর এলাকার সামনে চট্টগ্রাম-রাঙামাটি সড়কে বসা হাটে অন্যান্য সবজির সঙ্গে মরিচ এনেছিলেন কুতুকছড়ি ইউনিয়নের জুমচাষি সোনারাম চাকমা (২৮)। তিনি জানান, অন্যান্য বছর এ সময়ে মরিচের দাম ৭০-৮০ টাকায় নামলেও এ বছর ১০০ টাকার নিচে নামেনি। আর ফেব্রুয়ারি-মার্চ মাসে রান্যায় (জুমচাষের পর পড়ে থাকা জমি) উৎপাদিত মরিচ বিক্রি হয়েছিল ২৫০ থেকে ৩০০ টাকা দরে।
চাষিরা জানান, মে-জুন মাসে জুমখেতে ধানবীজের সঙ্গে মরিচের বীজ বপন করা হয়। আর আগস্ট থেকে ধান তোলার সময় মরিচও পরিপক্ব হয়ে ওঠে। ডিসেম্বর পর্যন্ত খেত থেকে মরিচ তোলা যায়। পরবর্তী সময়ে আবার ‘রান্যায়’ একই গাছে মার্চ থেকে জুলাই পর্যন্ত ফলন হয়। রাঙামাটি সদর উপজেলার বালুখালী ইউনিয়নের জুমচাষি স্নেহময় চাকমা (৪৫) জানান, এ বছর প্রায় চার একর জায়গায় জুমচাষ করেছেন। খেত থেকে ধান তোলার পাশাপাশি এ পর্যন্ত ৪০ থেকে ৫০ কেজি মরিচ বিক্রি করেছেন। এ বছর বৃষ্টি কম হওয়ায় মরিচের ফলন ভালো হয়েছে। তাঁর আশা জুমখেত থেকে চলতি বছর চার মণ মরিচ পাবেন।
কৃষি সম্প্রসারণ বিভাগের হিসাবমতে, প্রতি হেক্টর (আড়াই একর) জুমখেতে প্রথম বছরে দুই মণ মরিচ উৎপন্ন হয়। পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক কৃষি সম্প্রসারণ বিভাগ সূত্রে জানা গেছে, চলতি বছর তিন পার্বত্য জেলায় ১৭ হাজার ৬৩০ হেক্টর পাহাড়ে জুমচাষ হয়েছে। এর মধ্যে রাঙামাটিতে দুই হাজার ১৯৫ হেক্টর, বান্দরবানে নয় হাজার ৫০ হেক্টর এবং খাগড়াছড়িতে ছয় হাজার ৩৮৫ হেক্টরে জুমচাষ হয়েছে।