ঝালকাঠি থেকে ৮ রুটে বাস চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
একটি বাসের সুপারভাইজারকে মারধরের ঘটনায় ঝালকাঠির আটটি রুটে বাস চলাচল বন্ধ আছে। শনিবার বিকেলে ঝালকাঠি বাসস্ট্যান্ডে
ছবি: প্রথম আলো

যাত্রীবাহী বাসের সুপারভাইজারকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে ঝালকাঠির আটটি রুটে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। আজ শনিবার বেলা ১টার দিকে এসব রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে বাস শ্রমিক ইউনিয়ন। আটটি রুট হচ্ছে ঝালকাঠি থেকে বরিশাল, খুলনা, পিরোজপুর, পাথরঘাটা, ভান্ডারিয়া, মঠবাড়িয়া ও আমুয়া।

ঝালকাঠি আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির যুগ্ম সাধারণ সম্পাদক নাসির উদ্দিন আহম্মেদ বলেন, অনাকাঙ্ক্ষিত একটি ঘটনার কারণে আপাতত দক্ষিণ–পশ্চিমাঞ্চলের আট রুটে বাস চলাচল বন্ধ আছে। বিষয়টি মীমাংসার চেষ্টা চলছে।

প্রত্যক্ষদর্শী শ্রমিক মো. মেহেদী বলেন, আজ দুপুরে বরিশাল-খুলনা রুটে সরাসরি চলাচল করা সোহাগ পরিবহনের একটি বাসে লোকাল যাত্রী তোলা হচ্ছিল। এ সময় বরিশাল-পিরোজপুর লোকাল রুটের সৌদিয়া পরিবহনের একটি বাসের সুপারভাইজার সাইদুল ইসলাম (২৬) যাত্রী তুলতে বাধা দেন। এ নিয়ে দুজনের কথা-কাটাকাটি হয়।

একপর্যায়ের সৌদিয়া গাড়ির সুপারভাইজার সাইদুলকে মারধর করা হয়। এতে তাঁর এক হাত ভেঙে গেছে।

এ ঘটনায় আজ বেলা ১টা থেকে দোষীদের বিচার দাবিতে বরিশাল-ঝালকাঠিসহ আটটি রুটের সব বাস চলাচল বন্ধ করে দিয়েছে শ্রমিকদের একটি অংশ।

ঝালকাঠি সদর হাসপাতালে চিকিৎসাধীন সুপারভাইজার সাইদুল বলেন, ‘ডাইরেক্ট গাড়িতে লোকাল যাত্রী তুলতে বাধা দেওয়ায় আমার ওপর হামলা চালিয়েছে সোহাগ পরিবহনের হেলপার মো. শাহিন।’

আট রুটে বাস বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছেন বিভিন্ন গন্তব্যের যাত্রীরা। ঝালকাঠি থেকে বরিশালগামী যাত্রী সুলতান আহম্মেদ (৩৩) বলেন, নিজেদের মধ্যে তুচ্ছ ঘটনায় যাত্রীদের ভোগান্তি পোহাতে হচ্ছে।

ঝালকাঠি আন্তজেলা বাস ও মিনিবাস মালিক সমিতির সাধারণ সম্পাদক মিলন মাহমুদ বলেন, এ ঘটনায় সন্ধ্যায় জরুরি সভা ডাকা হয়েছে। আশা করা হচ্ছে বিষয়টির সমাধান হবে।