ঝালকাঠিতে জোয়ারের পানিতে ভেসে গেছে ফসলি জমি, রাস্তাঘাট, ঘরবাড়ি

ঝালকাঠির কাঁঠালিয়ায় বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি প্রবেশ করে ফসলি জমি ডুবে গেছে। বুধবার উপজেলার লঞ্চঘাট এলাকায়ছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠিতে ঘূর্ণিঝড় ইয়াস, পূর্ণিমা ও চন্দ্রগ্রহণের প্রভাবে ব্যাপক হারে জোয়ারের পানি বৃদ্ধি পেয়েছে। ডুবে গেছে কয়েক হাজার একর ফসলি জমি, রাস্তাঘাট, ঘরবাড়ি, শিক্ষাপ্রতিষ্ঠান। ভেসে গেছে পাঁচ শতাধিক পুকুর ও ঘেরের মাছ। রাজাপুর উপজেলার বিষখালী নদীতে বেড়িবাঁধ না থাকায় পানি ঢুকে উপজেলার বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে।

স্থানীয় লোকজন জানান, বিষখালী নদীর পানি স্বাভাবিক জোয়ারের চেয়ে ৫ থেকে ৬ ফুট বৃদ্ধি পেয়েছে। দুই দিন থেকে মাঝারি ধরনের বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়ের প্রভাবে উপজেলার বড়ইয়া, পালট, নিজামিয়া, চরপালট আবাসন, উত্তমপুর, বাদুরতলা, মানকিসুন্দর, নাপিতের হাট, ডহরশংকর, মঠবাড়ি এলাকায় জোয়ারের পানি ঢুকে পড়েছে। রাতের জোয়ারে পানি আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কায় বেড়িবাঁধ না থাকায় বিষখালী নদীর তীরবর্তী হাজারো মানুষ এখন আতঙ্কে রয়েছে। পালট গ্রামের বাসিন্দা আলমগীর শরীফ বলেন, গ্রামের পানিবন্দী মানুষ আতঙ্কে আছে। যে অবস্থায় আছে, এর চেয়ে আরও পানি বৃদ্ধি পেলে গ্রামের বাসিন্দাদের বাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে যেতে হবে।

ঝালকাঠির নলছিটির জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বুধবার উপজেলার ইসলামাবাদ গ্রামে
ছবি: প্রথম আলো

উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মোজ্জামেল হক বলেন, পানি বৃদ্ধির কারণে উপজেলার দুই শতাধিক পুকুরের মাছ ভেসে গেছে। এতে ৩০ থেকে ৩৫ লাখ টাকার ক্ষতির আশঙ্কা করা হচ্ছে।

রাজাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মোক্তার হোসেন বলেন, যাঁদের ঘরবাড়ি পানিতে ডুবে গেছে, তাঁদের আশ্রয়কেন্দ্রে রেখে খাবারের ব্যবস্থা করা হয়েছে।

ঝালকাঠির কাঁঠালিয়ায় জোয়ারের পানি বাজার এলাকায় প্রবেশ করে সড়ক তলিয়ে গেছে। বুধবার উপজেলা পরিষদ এলাকায়
ছবি: প্রথম আলো

জেলার নলছিটি উপজেলার বিভিন্ন গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বিশেষ করে রানাপাশা ইউনিয়নের ইসলামাবাদ গ্রাম পানিতে তলিয়ে গেছে। গজালিয়া, বিষখালী ও চামটা তিন নদীর মোহনায় গ্রামটির অবস্থানের কারণে অস্বাভাবিক জোয়ারের পানিতে তলিয়ে গিয়ে গ্রামের মানুষ পানিবন্দী হয়ে আছে। এই গ্রামের ৭০ বছরের বৃদ্ধ কৃষক চান মিয়া বলেন, ‘পানিতে আমার ঘর তলিয়ে গেছে। তাই আজ রান্নাও হয়নি। ভয় হচ্ছে আর কত পানি বাড়ে।’ ইসলামাবাদ গ্রামের ইউপি সদস্য সাইদুল ইসলাম বলেন, এলাকার পানিবন্দী মানুষের জন্য জরুরি ত্রাণসহায়তা দরকার। সমাজের বিত্তবানদের এগিয়ে আসা উচিত।

ঝালকাঠির নলছিটিতে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে। বুধবার উপজেলার ইসলামাবাদ গ্রামে
ছবি: প্রথম আলো

এদিকে জেলার কাঁঠালিয়া উপজেলায় ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাব ও পূর্ণিমার জোয়ারে ২৫টি গ্রাম প্লাবিত হয়েছে। বিষখালী নদীতে জোয়ারের পানি স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৫ ফুট বৃদ্ধি পেয়েছে। বেড়িবাঁধ না থাকায় কাঁঠালিয়া উপজেলা পরিষদ ভবনসহ শত শত ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান, ফসলি জমি ও মাছের ঘের জোয়ারের পানিতে তালিয়ে গেছে। উপজেলার কাঁঠালিয়া ও বড় কাঁঠালিয় গ্রামে বিষখালী নদীর বেড়িবাঁধ ভেঙে ওই এলাকা ৩ থেকে ৪ ফুট পানির নিচে তলিয়ে গেছে। প্লাবিত এলাকার মানুষ চরম দুর্ভোগে রয়েছে। বিভিন্ন এলাকার শস্যের খেত ও মাছের ঘের তলিয়ে যাওয়ায় কৃষকেরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ঝালকাঠির রাজাপুরে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে মানুষ পানিবন্দী। বুধবার উপজেলার পালট গ্রামে
প্রথম আলো

কাঁঠালিয়া উপজেলা পরিষদ ভবন, লঞ্চঘাট এলাকা, কাঁঠালিয়া, বড় কাঁঠালিয়া, আউরা, জয়খালী, কচুয়া, রঘুয়ার চর, আমুয়া বন্দর বাজার, সরদার পাড়া, জোড়খালী, বাঁশবুনিয়া, ছোনাউটা, মরিচবুনিয়া, আওরাবুনিয়া, হেতালবুনিয়া, চিংড়াখালী, জাঙ্গালিয়াসহ ২৫টি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। বড় কাঁঠালিয়া গ্রামের কৃষক আনোয়ার হোসেন বলেন, ‘গত বছর আম্পানের সময় আমাদের গ্রামের বেড়িবাঁধটি ভেঙে গেছে। ইয়াসের প্রভাবেও নতুন করে বেড়িবাঁধ ভেঙে জোয়ারের পানি ঢুকে মানুষ পানিবন্দী হয়ে পড়েছে।’

ঝালকাঠির রাজাপুরে জোয়ারের পানি বৃদ্ধি পেয়ে লোকালয়ে প্রবেশ করেছে। বুধবার উপজেলার র পালট গ্রামে
প্রথম আলো

আজ বুধবার সকালে জেলা প্রশাসক মো. জোহর আলী রাজাপুরের পানিবন্দী এলাকা ও কাঁঠালিয়ার ক্ষতিগ্রস্ত বেড়িবাঁধ পরিদর্শন করেন। তিনি বলেন, পানিবন্দী মানুষের জন্য সাধ্য অনুযায়ী ত্রাণসহায়তা করা হবে।