ঝালকাঠিতে ডাকাতি ও অস্ত্র মামলার আসামিকে কুপিয়ে জখম
ঝালকাঠির রাজাপুর উপজেলায় ডাকাতি ও অস্ত্র মামলার আসামি আবুল হোসেন তালুকদারকে (৩৫) কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার বিড়ালঝুড়ি সেতু এলাকায় এ ঘটনা ঘটে। আশঙ্কাজনক অবস্থায় আজ সোমবার তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে।
গুরুতর জখম হওয়া আবুল হোসেনের বাড়ি রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে। তাঁর নামে ডাকাতি ও অস্ত্র আইনে একাধিক মামলা আছে। ২০২০ সালের আগস্টে তাঁকে অস্ত্রসহ গ্রেপ্তার করে র্যাব। সেই মামলায় তিনি জামিনে আছেন।
রাজাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, কারাগার থেকে বের হয়ে ডাকাতি ছাড়ার ঘোষণা দিয়ে সংবাদ সম্মেলন করেছিলেন আবুল হোসেন। এরপর থেকে তিনি গ্রামে কৃষিকাজ করতেন বলে জানা গেছে। গতকাল রাতে বিড়ালঝুড়ি এলাকায় রক্তাক্ত অবস্থায় এক ব্যক্তি পড়ে আছেন বলে খবর পাওয়া যায়। পুলিশ গিয়ে তাঁকে শনাক্ত করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখান থেকে পাঠানো হয় বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে। অবস্থার অবনতি হওয়ায় আজ ভোরে তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।
আবুল হোসেনকে প্রাথমিক চিকিৎসা দিয়েছেন রাজাপুর উপজেলা স্বাস্থ্যকেন্দ্রের জরুরি বিভাগের চিকিৎসক মো. মানিক হাওলাদার। তিনি বলেন, রোগীর হাত-পা অস্বাভাবিকভাবে জখম হওয়ার কারণে চিকিৎসা দেওয়ার কোনো উপায় নেই। তাঁর শরীরে অতিমাত্রায় রক্তক্ষরণ হয়েছে।
আবুল হোসেনের মোটরসাইকেলচালক ও প্রত্যক্ষদর্শী মো. মহারাজ বলেন, রাতে আবুলের মুঠোফোনে কল করে মুলতান নামে এক ব্যক্তি দুটি কবুতর নেওয়ার জন্য বিড়ালঝুড়ি এলাকায় ডেকে নেন। মোটরসাইকেলে করে আবুল ও তিনি (মহারাজ) বিড়ালঝুড়ি এলাকায় যান। সেখানে রাত সাড়ে আটটার দিকে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত আবুল হোসেনকে কুপিয়ে জখম করে। এ সময় ভয়ে তিনি (মহারাজ) সেখান থেকে পালিয়ে যান।
গত ১৫ জানুয়ারি রাজাপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছিলেন আবুল হোসেন। সেখানে আবুল জানিয়েছিলেন, স্ত্রী-সন্তানের ভবিষ্যতের কথা ভেবে স্বাভাবিক জীবনে ফিরতে চান তিনি। এ জন্য কৃষিকাজ শুরু করেছেন। জমি নিয়ে তাঁর কিছু বিরোধ আছে। ডাকাত ছিলেন বলে এলাকার লোকজন তাঁকে ও তাঁর পরিবারকে তাড়িয়েও দিতে চান।
ওসি শহিদুল ইসলাম বলেন, হামলার ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ করেননি। কী কারণে হামলা, তা নিশ্চিত করা যাচ্ছে না। অভিযোগ না পেলেও পুলিশ বিষয়টি তদন্ত করছে।