ঝালকাঠিতে ডেকে নিয়ে চার তরুণকে কুপিয়ে জখমের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হামলা
প্রতীকী ছবি

ঝালকাঠিতে পূর্ববিরোধ মীমাংসার কথা বলে ডেকে নিয়ে চার তরুণকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে আটটার দিকে ঝালকাঠি সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের লালমোন গ্রামে এ ঘটনা ঘটে।

এই চারজন হলেন নাগপাড়া গ্রামের কবির হাওলাদারের ছেলে মো. রাকিব (২০), ফরিদ সিকদারের ছেলে মো. রিফাত (২০), ফারুক সিকদারের ছেলে মো. তাওহীদ (২০) ও মৃত ইবু হাওলাদারের ছেলে মো. সোহাগ (১৯)।

আহত তরুণদের স্বজন ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, স্থানীয় আধিপত্য বিস্তার নিয়ে কিছুদিন আগে রাকিবের সঙ্গে লালমোন গ্রামের আতাহার সিকদারের ছেলে পলাশ সিকদারের বিরোধ শুরু হয়। পরে স্থানীয় লোকজনেদের হস্তক্ষেপে ওই বিরোধ মীমাংসা করা হয়েছিল।

রাকিবের স্বজনদের ভাষ্য, গতকাল রাত সাড়ে আটটার দিকে বিরোধ মীমাংসার কথা বলে পলাশ সিকদার মুঠোফোনে রাকিবকে তাঁদের বাড়ির কাছে আসতে বলেন। পরে রাকিব তাঁর চার থেকে পাঁচজন বন্ধুকে নিয়ে লালমোন সাইক্লোন শেল্টারের সামনে পৌঁছালে পলাশ সিকদার, তাঁর ভাই রহমান সিকদারসহ তিন থেকে চারজন যুবক ধারালো অস্ত্র নিয়ে তাঁদের ওপর হামলা চালান। এ সময় রাকিব, রিফাত ও তাওহীদের শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়।

পরে আহত তরুণদের চিৎকার শুনে আশপাশের লোকজন ছুটে এসে তাঁদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যান। এর মধ্যে রিফাত, তাওহীদ ও রাকিবের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের বরিশালের শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ঝালকাঠি সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আমির হোসাইন বলেন, গতকাল রাতে চারজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। এর মধ্যে তিনজনের শরীরে গুরুতর জখমের চিহ্ন রয়েছে। তাই গতকাল রাতে তাঁদের বরিশালে স্থানান্তর করা হয়েছে। আহত আরেকজন ঝালকাঠি সদর হাসপাতালেই আছেন।

গতকাল দিবাগত রাত সোয়া ১২টার দিকে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তাওহীদের স্বজন মনির হোসেন বলেন, হাসপাতালে নিয়ে আসার পরপরই আহত তিনজনের অস্ত্রোপচার করা হয়েছে।

এদিকে ওই ঘটনার পর থেকেই অভিযুক্ত পলাশ সিকদার ও তাঁর ভাই গা ঢাকা দিয়েছেন। তাই এ বিষয়ে তাঁদের বক্তব্য পাওয়া যায়নি।

এ ঘটনার পর ঝালকাঠি থানার পুলিশ সদর হাসপাতালের জরুরি বিভাগ থেকে আহত তরুণদের নামের তালিকা সংগ্রহ করেছে। জানতে চাইলে সদর থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে ঘটনা তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।