ঝালকাঠিতে তিন দিনের ব্যবধানে অক্সিজেন সিলিন্ডারের মূল্যবৃদ্ধি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্বাসকষ্টে ভোগা রোগীদের জন্য অক্সিজেনের তীব্র সংকটের মধ্যে দাম বাড়ানোর অভিযোগ উঠেছে ঝালকাঠি শহরের জননী ওয়ার্কশপের বিরুদ্ধে।
প্রথম আলো

ঝালকাঠিতে তিন দিনের ব্যবধানে অক্সিজেন সিলিন্ডারের দাম অস্বাভাবিকভাবে বেড়েছে। জেলায় অক্সিজেনের তীব্র সংকটের সুযোগ নিয়ে জননী ওয়ার্কশপ নামে একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ উঠেছে। অক্সিজেন সিলিন্ডারের জন্য এই একটিমাত্র প্রতিষ্ঠানই ঝালকাঠিবাসীর ভরসা।

ঝালকাঠি জেলা শহরের বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত জননী ওয়ার্কশপের কার্যালয়। রোগীর স্বজন ও বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবী সংগঠনের অভিযোগ, এই প্রতিষ্ঠানে ৮ জুলাই ১২ লিটার ওজনের একটি সিলিন্ডার সেটসহ বিক্রি হয়েছে ১৩ হাজার ৮০০ টাকায়। সেখানে আজ রোববার প্রতিষ্ঠানটি একই সিলিন্ডার বিক্রি করছে ১৭ হাজার ৯০০ টাকায়।

প্রতিষ্ঠানটি ১২ লিটার ওজনের খালি অক্সিজেন সিলিন্ডার রিফিলে আগে নিত ২২০ টাকা। এখন তা বাড়িয়ে নিচ্ছে ৩২০ টাকা। এতে বিপাকে পড়েছেন করোনা রোগীদের স্বজন ও বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার সরবরাহ করা বিভিন্ন সংগঠনের স্বেচ্ছাসেবকেরা।

রোববার সকালে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সিলিন্ডারপ্রতি ৪ হাজার ১০০ টাকা বেশি নেওয়ার অভিযোগে প্রতিষ্ঠানটির কার্যালয়ে অভিযান চালান জেলা প্রশাসনের দুই নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এছেন ও মিলন চাকমা। নির্বাহী ম্যাজিস্ট্রেটরা প্রতিষ্ঠানটির অক্সিজেন সিলিন্ডার কেনার চালান ও ঢাকায় বর্তমান বাজারদরের সঙ্গে তারতম্য পাওয়ায় প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নেন।

একজন করোনা রোগীর স্বজন জানান, ঝালকাঠিতে অধিকাংশ করোনা রোগী হোম আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন। এই মুহূর্তে অক্সিজেন সিলিন্ডারের দাম বেশি নেওয়া এক ধরনের জুলুম।

শ্বাসকষ্টে ভোগা করোনা রোগীদের বাড়িতে বিনা মূল্যে অক্সিজেন সিলিন্ডার পৌঁছে দেয় ঝালকাঠির স্বেচ্ছাসেবী সংগঠন স্বপ্নপূরণ সমাজকল্যাণ সংস্থা। এর সভাপতি এইচ এম রিয়াজ খান বলেন, জননী ওয়ার্কশপ অক্সিজেন সিলিন্ডারের দাম অতিরিক্ত বাড়িয়ে দেওয়ার কারণে করোনা রোগীদের সেবা দিতে তাঁদের হিমশিম খেতে হচ্ছে। বাড়তি টাকায় সিলিন্ডার কিনে দিতে দাতাদেরও কষ্ট হচ্ছে।

এ বিষয়ে জননী ওয়ার্কশপের মালিক আবদুর রব বলেন, তাঁদের কিছু করার নেই। ঢাকায় অক্সিজেন সিলিন্ডারের দাম বাড়তি হওয়ায় তা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। এ ছাড়া কঠোর লকডাউনের মধ্যে পরিবহন খরচও বেড়ে গেছে।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট (নেজারত) আহমেদ হাছান বলেন, করোনা পরিস্থিতিতে অক্সিজেন–সংকটের সুযোগ নিয়ে সিলিন্ডারের দাম বেশি নেওয়া অনৈতিক। অক্সিজেন সিলিন্ডার কেনার চালান ও ঢাকায় বর্তমান বাজারদরের সঙ্গে হেরফের থাকলে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।