ঝালকাঠিতে তিন ফ্ল্যাটে দিনদুপুরে দুর্ধর্ষ চুরি
ঝালকাঠির রাজাপুরে এক পুলিশ পরিদর্শকের মালিকানাধীন চারতলা ভবনের ভাড়া দেওয়া তিনটি ফ্ল্যাটে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার সকাল ১০টা থেকে বেলা ১১টার মধ্যে উপজেলা শহরের কাঁচাবাজার এলাকার ঝর্ণা ম্যানশনে এ ঘটনা ঘটে। ভবনটির মালিক নৌ-পুলিশের পরিদর্শক আফজাল হোসেন।
ভবনের চারতলার ভাড়াটিয়া সৌদিপ্রবাসী মনির হোসেনের স্ত্রী লাকি বেগম বলেন, সকাল সাড়ে ৯টার দিকে দরজায় তালা দিয়ে তিনি তাঁর মেয়েকে নিয়ে প্রাইভেট পড়াতে যান। বেলা ১১টার দিকে বাসায় ফিরে দেখেন, দরজার হ্যাজবোল্ট ভাঙা। চোরেরা তাঁর ঘরের আলমারি ও শোকেসের ড্রয়ার ভেঙে একটি স্বর্ণের চেইন, একটি আংটি, একজোড়া কানের দুল, একজোড়া রুপার নূপুর, একটি মুঠোফোন ও পাঁচ হাজার টাকা নিয়ে যায়।
ওই ভবনের তিনতলার ভাড়াটিয়া সৌদিপ্রবাসী মাসুম খান বলেন, সকাল ১০টার দিকে তাঁরা স্বামী-স্ত্রী ঘরে তালা দিয়ে ব্যাংকে যান। ফিরে দেখেন, চোরেরা ঘরের দরজা ভেঙে ড্রয়ার থেকে পঞ্চাশ হাজার টাকা, একজোড়া স্বর্ণের দুল ও সৌদির কিছু রিয়াল নিয়ে গেছে।
একই সময়ে চোরেরা রাজাপুর সদর ইউনিয়ন পরিষদের সদস্য মো. আল আমিন হোসেনের তিনতলার কার্যালয়ের তালা ভেঙে আলমারির ড্রয়ারের কাগজপত্র এলোমেলো করে রেখে যায়। সেখানে দামি কিছু না থাকায় কোনো কিছু খোয়া যায়নি।
ওই ফ্ল্যাটের বাসিন্দারা বলেন, ওই তিন ফ্ল্যাটে চুরির পর চারতলার অন্য আরেকটি ফ্ল্যাটে সৌদিপ্রবাসী জাহিদের স্ত্রী পপিকে ও তিনতলার দুবাইপ্রবাসী জায়েদ খানের ছেলে সুজন খানকে বাইরে থেকে দরজার ছিটকিনি টেনে আটকে রাখে চোরেরা। ভাড়াটিয়ারা কিছু বুঝে ওঠার আগেই তারা সটকে পড়ে। চুরির ঘটনার সময় ওই ভবনের নিচে কাঁচাবাজারে বেচাকেনা চলছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
এ বিষয়ে রাজাপুর থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) সঞ্জীব বিশ্বাস বলেন, ভুক্তভোগীরা অভিযোগ দিলে ব্যবস্থা নেওয়া হবে।