ঝালকাঠিতে ধর্ষণ মামলায় পুলিশের এসআই কারাগারে
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় এক গৃহবধূকে ধর্ষণের অভিযোগে করা মামলায় গ্রেপ্তার প্রত্যাহার হওয়া পুলিশের উপপরিদর্শক (এসআই) আলমগীর হোসেনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার বিকেলে কাঁঠালিয়ার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মাহাবুবা শারমিন তাঁকে কারাগারে পাঠান।
এর আগে দুপুরে আলমগীর হোসেনকে ঝালকাঠি জেলা শহরের শেখ রাসেল মিনি স্টেডিয়াম এলাকা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আলমগীর হোসেন কাঁঠালিয়া উপজেলার তারাবুনিয়া তদন্তকেন্দ্রে কর্মরত ছিলেন। তাঁর বাড়ি ভোলা জেলা সদরে। গত বৃহস্পতিবার রাতে এসআই আলমগীর হোসেনের নামে ধর্ষণের অভিযোগে নারী ও শিশু নির্যাতন দমন আইনে কাঁঠালিয়া থানায় ধর্ষণ মামলা করেন ভুক্তভোগী গৃহবধূ। শুক্রবার দুপুরে কাঁঠালিয়া থানার পরিদর্শক (তদন্ত) এইচ এম শাহীনের নেতৃত্বে পুলিশের একটি দল আলমগীরকে গ্রেপ্তার করে।
মামলার এজাহারে বাদী উল্লেখ করেন, কাঁঠালিয়া উপজেলার এক গ্রামে বসবাস করেন তিনি (গৃহবধূ)। তাঁর স্বামী ব্যবসার সুবাদে চট্টগ্রামে থাকেন। তাঁর ভগ্নিপতি পাশের গ্রামের বাসিন্দা ও স্থানীয় বাজারের ক্ষুদ্র ব্যবসায়ী। ওই ভগ্নিপতির সঙ্গে তাঁর বাড়িতে যাওয়া–আসার সুবাদে এসআই আলমগীর হোসেনের সঙ্গে পরিচয় হয়। ৩ মার্চ রাতে তার বাড়িতে গিয়ে এসআই আলমগীর তাঁকে ধর্ষণ করেন।
কাঁঠালিয়া থানার ওসি মুরাদ আলী বলেন, ঘটনার পর থেকে এসআই আলমগীর হোসেন পলাতক ছিলেন। পরে তাঁকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। শুক্রবার আলমগীরকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। আর মামলার বাদী ওই গৃহবধূর স্বাস্থ্য পরীক্ষার জন্য তাঁকে বরিশাল শের–ই-বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে পাঠানো হয়েছে।