ঝালকাঠিতে বিদেশি মদ রাখার দায়ে চারজনকে ৫ বছরের কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাদণ্ড
প্রতীকী ছবি

ঝালকাঠিতে বিদেশি মদ রাখার দায়ে চারজনকে পাঁচ বছর করে সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

আজ রোববার বিকেলে বিশেষ ট্রাইবুনাল-৩ আদালতের বিচারক মো. সাইফুল আলম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত মিলন কুমার দাস (৪০) ও তরিকুল ইসলাম (৪০) রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। তরিকুল ইসলামের বাড়ি সদর উপজেলার বিকনা এলাকায় এবং মিলন কুমার ঝালকাঠি পৌর শহরের কামারপট্টি এলাকার বাসিন্দা।

সাজাপ্রাপ্ত রাজ্জাক খলিফা (৩৭) ও লাবলু চৌধুরী (৫০) পলাতক। রাজ্জাকের বাড়ি পৌর শহরের পূর্বচাঁদকাঠি এলাকায় এবং লাবলু কামারপট্টি এলাকার বাসিন্দা।

আদালতের নথি সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ৭ জুলাই ঝালকাঠি শহরের স্টেশন রোড এলাকার একটি ভবনের সিঁড়ির নিচ থেকে এক লিটার বিদেশি মদসহ পুলিশ ওই চারজনকে গ্রেপ্তার করে। এ ঘটনায় ঝালকাঠি থানার উপপরিদর্শক (এসআই) এ বি এম কামরুজ্জামান বাদী হয়ে তাঁদের বিরুদ্ধে একই দিন ঝালকাঠি থানায় মামলা করেন।

মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দেন তদন্ত কর্মকর্তা। আদালত ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে আজ রায় ঘোষণা করেন। রাস্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন আবদুল জলিল।