ঝালকাঠিতে মাদক মামলায় একজনের যাবজ্জীবন, আরেকজনের ৭ বছরের দণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কারাগার
প্রতীকী ছবি

ঝালকাঠিতে মাদক মামলায় হুমায়ুন কবির মৃধা (৪৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া তাঁকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। মামলার আরেক আসামি মো. পলাশ ব্যাপারী (৩০) নামের এক যুবককে ৭ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। তাঁকেও ১০ হাজার টাকা জরিমানা অনাদয়ে আরও ২ মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে। আজ রোববার দুপুরে ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান এ রায় ঘোষণা করেন।

দণ্ড পাওয়া হুমায়ুন কবির মৃধা ও পলাশ ব্যাপারী সদর উপজেলার পোনাবালিয়া ইউনিয়নের রাজাপুর গ্রামের বাসিন্দা। রায় ঘোষণার সময় তাঁরা আদালতে উপস্থিত ছিলেন না।

মামলার সংক্ষিপ্ত বিবরণী সূত্রে জানা গেছে, ২০১২ সালের ৬ জানুয়ারি সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নলছিটি উপজেলার মোল্লারহাট পোস্ট অফিসের সামনের সড়কে পটুয়াখালী র‌্যাব-৮–এর একটি দল হুমায়ুন কবির ও পলাশ ব্যাপারীকে আটক করে। এ সময় তাঁদের তল্লাশি করে ৫৫ বোতল ফেনসিডিল ও ৯৩টি ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। ঘটনায় পরদিন সকালে পটুয়াখালী র‌্যাব-৮–এর কর্মকর্তা মো. মোশারেফ হোসেন বাদী হয়ে নলছটি থানায় মাদক আইনে মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক এসআই আবুল কালাম আজাদ ওই বছরের ২৬ জানুয়ারি আদালতে আসমিদের বিরুদ্ধে অভিযোগপত্র জমা করেন। আসামিপক্ষে মামলা পরিচালনা করেন আইনজীবী মঞ্জুর হোসেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আ স ম মোস্তাফিজুর রহমান প্রথম আলোকে বলেন, মামলায় পাঁচজন সাক্ষী সাক্ষ্য প্রদান করেন। আসামিরা রায় ঘোষণার সময় আদালতে সময়ের আবেদন করে পলাতক ছিল।