ঝালকাঠিতে মাদক মামলায় দুজনের কারাদণ্ড
ঝালকাঠিতে মাদক মামলায় নারীসহ দুজনকে এক বছর দুই মাস করে কারাদণ্ড দিয়েছেন আদালত। এ ছাড়া আসামিদের পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
আজ বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠি যুগ্ম জজ আদালতের বিচারক মো. সাইফুল আলম এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন শহরের পূর্ব চাঁদকাঠি বাস্তহারা এলাকার জাহিদ খানের মেয়ে সোনিয়া আক্তার (২৫) ও পশ্চিম চাঁদকাঠি এলাকার আনোয়ার হোসেনের ছেলে মো. দেলোয়ার হোসেন (৫০)।
রায় ঘোষণার সময় সোনিয়া বেগম আদালতে উপস্থিত থাকলেও আরেক আসামি দেলোয়ার হোসেন পলাতক। মামলার তিন নম্বর আসামি নাজিম খান (৪৮) মামলা চলা অবস্থায় মারা গেছেন। মামলার অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ২২ আগস্ট সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে ঝালকাঠি গোয়েন্দা পুলিশের (ডিবি) একটি দল মাদকদ্রব্য উদ্ধারে অভিযান চালায়। এ সময় শহরের পূর্ব চাঁদকাঠি মা ও শিশু হাসপাতালের পেছনের একটি বস্তিতে অভিযান চালিয়ে সোনিয়া বেগমের ঘর থেকে আটটি ইয়াবা উদ্ধার করা হয়।
এ সময় সেখান থেকে দেলোয়ারসহ আরও চারজনকে গ্রেপ্তার করা হয়। ওইদিন রাতেই ঝালকাঠি ডিবির তৎকালীন উপপরিদর্শক মো. জাকির হোসেন বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ঝালকাঠি থানায় একটি মামলা করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সহকারী পিপি আবদুল জলিল বলেন, এ মামলায় পাঁচজন আসামি ছিলেন। এর মধ্যে দুজনের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাঁদের আদালত খালাস দিয়েছেন। মামলার আসামি জামিনে মুক্ত হওয়ার পর থেকে পলাতক।