ঝালকাঠিতে মুরাদ হাসানের নামে মানহানি মামলার আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুরাদ হাসান
ফাইল ছবি

ঝালকাঠিতে সাবেক প্রতিমন্ত্রী মুরাদ হাসানের বিরুদ্ধে করা মানহানি মামলার আবেদন খারিজ করেছেন আদালত। আজ রোববার সকালে জেলা বিএনপির আহ্বায়ক আইনজীবী সৈয়দ হোসেন বাদী হয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নাতনিসহ নারীদের নিয়ে অশালীন মন্তব্য করার অভিযোগে মামলাটি করেন।

ঝালকাঠির সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১ম আদালতের বিচারক মো. আবুল কালাম আজাদ শুনানি শেষে আবেদনটি খারিজ করে দেন। বাদীর আইনজীবী ছিলেন জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাত হোসেন।

আদালত সূত্র জানায়, নারীর প্রতি অমর্যাদাকর, অশালীন বক্তব্য ও বিদ্বেষ সৃষ্টি করার অভিযোগে মুরাদ হাসানের বিরুদ্ধে মানহানির মামলার আবেদন করা হয়। মামলায় যে অভিযোগ আনা হয়েছে, তা আদালতের ভৌগোলিক এলাকার বাইরের ঘটনা ও আবেদনকারী এ ঘটনায় সরাসরি সংক্ষুব্ধ হওয়ার সুযোগ নেই বলে আদালত মামলার আবেদন খারিজ করে দেন।

সম্প্রতি নাহিদ রেইনস নামের একটি ফেসবুক পেজ থেকে লাইভে এসে খালেদা জিয়ার নাতনিকে নিয়ে অশালীন মন্তব্য করেন মুরাদ হাসান। এরপর এক নায়িকার সঙ্গে তাঁর আপত্তিকর কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। এ নিয়ে সমালোচনার মধ্যে প্রধানমন্ত্রী মুরাদকে পদত্যাগের নির্দেশ দেন। ৭ ডিসেম্বর পদত্যাগ করেন মুরাদ।

বাদীর আইনজীবী ঝালকাঠি জেলা বিএনপির সদস্যসচিব শাহাদাত হোসেন জানান, মামলার আবেদন গ্রহণ না করায় তাঁরা সংক্ষুব্ধ। এ ব্যাপারে উচ্চ আদালতে যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন তাঁরা।