ঝালকাঠিতে যুবককে কুপিয়ে হত্যা, ১০ বছরে একই পরিবারের তিনজন খুন
ঝালকাঠির কাঁঠালিয়ায় রুবেল খান (৩২) নামের এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। গতকাল শনিবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের বলতলা ছয়ঘর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত রুবেল ওই গ্রামের মৃত আবদুল বারেক খানের ছেলে।
এ ঘটনায় রুবেলের প্রতিবেশী খাদিজা বেগম (২৮) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। ঘটনার পর থেকে খাদিজার স্বামী মো. বাবুল হাওলাদার (৪৫) পলাতক আছেন।
কাঁঠালিয়ায় শৌলজালিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মাহমুদ হোসেন বলেন, গতকাল রাত সাড়ে ৯টার দিকে রুবেল খানের প্রতিবেশী বাবুল হাওলাদারের ঘরের মধ্যে বাগ্বিতণ্ডা ও চিৎকার শুনে এলাকাবাসী সেখানে জড়ো হন। প্রথমে সবাই ধারণা করেন, বাবুল ও তাঁর স্ত্রী খাদিজা বেগমের মধ্যে হাতাহাতি ও ঝগড়া হচ্ছে। একপর্যায়ে কোনো সাড়া–শব্দ না পেয়ে জানালা ভেঙে এলাকার মানুষ দেখতে পান, কম্বল প্যাঁচানো অবস্থায় একজন ঘরের মেঝেতে পড়ে আছেন। আর সেখান থেকে রক্ত বের হয়ে গড়িয়ে ঘরের বাইরে যাচ্ছে। পরে দরজা ভেঙে রুবেলের লাশ শনাক্ত করেন তাঁর স্বজনেরা। পুলিশ রাতেই খাদিজা বেগমকে আটক করে। তবে বাবুল পালিয়ে যান। ওই ঘরে রুবেল কীভাবে গেলেন, তা কেউ বলতে পারছেন না। পূর্বশত্রুতা বা পরকীয়ার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
ইউপি চেয়ারম্যান জানান, ১০ বছর আগে রুবেলের বাবা আবদুল বারেক খান এবং তিন বছর আগে রুবেলের বড় ভাই রাসেল খান দুর্বৃত্তদের হাতে খুন হন। তাঁদের বিরুদ্ধে কাঁঠালিয়া থানায় একাধিক মামলা আছে।
রুবেল খানের স্ত্রী রুবী বেগমের দাবি, পূর্বশত্রুতার জের ধরে তাঁর স্বামীকে বাবুল ও খাদিজা কুপিয়ে হত্যা করেছেন। এ ঘটনায় তিনি মামলা করবেন।
কাঁঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় বলেন, রুবেলের শরীরে ধারালো অস্ত্রের একাধিক কোপের দাগ আছে। এই হত্যাকাণ্ডের কারণ জানতে তদন্ত চলছে। পলাতক বাবুলকে আটকের চেষ্টা চলছে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝালকাঠি মর্গে পাঠানো হবে।