ঝালকাঠিতে শ্বাসকষ্ট নিয়ে কিশোরীর মৃত্যু

ঝালকাঠির নলছিটিতে শ্বাসকষ্ট নিয়ে এক কিশোরীর (১৬) মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল ৯টার দিকে গুরুতর অসুস্থ অবস্থায় নলছিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ওই কিশোরীর বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও কাশি ছিল বলে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা মুনীবুর রহমান নিশ্চিত করেছেন।
স্বাস্থ্য কর্মকর্তা জানিয়েছেন, কিশোরীর নমুনা সংগ্রহ করে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।
কিশোরীর বাবা নলছিটি স্বাস্থ্য কমপ্লেক্সের পরিচ্ছন্নতাকর্মী পদে কর্মরত। তিনি জানান, তিন থেকে চার দিন ধরে তাঁর মেয়ে বুকে ব্যথা, শ্বাসকষ্ট ও কাশিতে আক্রান্ত ছিল। শহরের বাসায় বসেই তাঁকে চিকিৎসা দেওয়া হয়। সকালে তাঁর অবস্থার অবনতি হলে গুরুতর অবস্থায় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।
নলছিটি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শিউলি পারভিন বলেন, কিশোরীর শরীরে জ্বর ছিল না।