ঝালকাঠিতে স্কুলশিক্ষককে হত্যার দায়ে ৩ জনের মৃত্যুদণ্ড
ঝালকাঠির কাঠালিয়ায় স্কুলশিক্ষক শাহজাহান হাওলাদার (৪০) হত্যা মামলার তিন আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে আসামিদের আরও ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে ঝালকাঠি অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. মাসুদুর রহমান এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন কাঠালিয়ার দক্ষিণ চেঁচরী গ্রামের জয়নাল মাস্টারের ছেলে সরোয়ার হোসেন (৩৯), একই গ্রামের মৃত আবদুল মজিদ হাওলাদারের ছেলে আবদুল লতিফ (৬০) ও জয়নাল জমাদ্দারের ছেলে আবদুস সালাম (৫০)।
রায় ঘোষণার সময় সরোয়ার হোসেন ছাড়া বাকি দুই আসামি আদালতে উপস্থিত ছিলেন। সরোয়ার হোসেন বর্তমানে পলাতক।
আদালত ও মামলা সূত্রে জানা গেছে, নিহত শাহজাহান হাওলাদার দক্ষিণ চেঁচরী গ্রামের পীর খান জাহান আলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ছিলেন। দণ্ডপ্রাপ্ত আসামিদের সঙ্গে বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ও জমি নিয়ে শাহজাহান হাওলাদারের দ্বন্দ্ব ছিল। ২০০৭ সালের ১৭ মার্চ রাতে দক্ষিণ চেঁচরী বাজার থেকে বাড়ি ফেরার পথে শাহজাহান হাওলাদারকে গুলি করে ও কুপিয়ে হত্যা করা হয়। শাহজাহান হাওলাদার একই গ্রামের মৃত রহিমুদ্দিন হাওলাদারের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী আ স ম মোস্তাফিজুর রহমান বলেন, ঘটনার পরদিন শাহজাহান হাওলাদারের ভাই মানিক হাওলাদার বাদী হয়ে কাঠালিয়া থানায় হত্যা মামলা করেন। মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) শহিদুল ইসলাম ২০০৭ সালের ১২ ডিসেম্বর আদালতে অভিযোগপত্র জমা দেন। আদালত ২০০৯ সালের ৫ ফেব্রুয়ারি আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন। আদালত ১৬ জনের সাক্ষ্যের ভিত্তিতে এ রায় দেন।
তবে আসামিপক্ষের আইনজীবী মল্লিক নাসির উদ্দিন বলেন, ‘আমরা ন্যায়বিচার পাইনি। এ রায়ের বিরুদ্ধে আসামিপক্ষ উচ্চ আদালতে আপিল করবে।’