ঝালকাঠিতে সড়ক দুর্ঘটনায় ইজিবাইকচালকের মৃত্যু, সড়ক অবরোধ
ঝালকাঠিতে পিকআপ ও ইজিবাইকের সংঘর্ষে স্বপন খান (৩৬) নামের একজন নিহত হয়েছেন। স্বপন দুর্ঘটনার শিকার ইজিবাইকটির যাত্রী ছিলেন। তিনি নিজেও পেশায় একজন ইজিবাইকচালক ছিলেন। আজ শনিবার দুপুরে সদরের উদচড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে নবগ্রাম-গাভারামচন্দ্রপুর সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত স্বপন সদর উপজেলার দোগলচিড়া গ্রামের বাসিন্দা। ঘটনার পর গাছের গুঁড়ি ফেলে প্রায় এক ঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন এলাকাবাসী। এতে সড়কের দুই পাশে যাত্রীবাহীসহ বিভিন্ন যানবাহন আটকা পড়ে। পরে পুলিশ গিয়ে ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।
পুলিশ ও স্থানীয় লোকজনের সূত্রে জানা গেছে, নবগ্রাম থেকে ছেড়ে আসা যাত্রীবাহী ইজিবাইক উদচড়া প্রাথমিক বিদ্যালয়ের সামনে এলে বিপরীতমুখী একটি পিকআপের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় স্বপনের। আহত হয়েছেন ইজিবাইকের চালকসহ পাঁচ যাত্রী।
আহত ব্যক্তিদের উদ্ধার করে স্থানীয় ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তির লাশ স্বজনেরা বাড়িতে নিয়ে গেছেন। সেখানে পুলিশ পাঠানো হয়েছে। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।