ঝিনাইগাতীতে পাহাড়ি ঢলে উপজেলা পরিষদসহ নিম্নাঞ্চল প্লাবিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শেরপুরের ঝিনাইগাতীতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত সদর বাজার। আজ দুপুরে
ছবি: প্রথম আলো

শেরপুরের ঝিনাইগাতীতে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানিতে উপজেলা পরিষদ চত্বর, উপজেলার সদর বাজারসহ ১০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়ে পড়েছে পাঁচ শতাধিক পরিবার।

উপজেলা প্রশাসন ও জনপ্রতিনিধি সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবার ভোর থেকে ভারী বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে ঝিনাইগাতী উপজেলার মহারশি ও সোমেশ্বরী নদীর পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। ফলে নদীর পানি উপচে ঝিনাইগাতী সদর ইউনিয়নের ঝিনাইগাতী বাজার, রামেরকুড়া, খৈলকুড়া, দীঘিরপাড় এবং ধানশাইল ইউনিয়নের দক্ষিণ দাড়িয়ারপাড়, উত্তর দাড়িয়ারপাড়, কান্দুলী ও দক্ষিণ কান্দুলীসহ ১০ গ্রামের নিম্নাঞ্চল প্লাবিত হয়। এতে পাঁচ শতাধিক পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। এসব এলাকার আউশ ও সবজির খেত পানিতে নিমজ্জিত হয়েছে। ৭০টি মৎস্য খামার ক্ষতিগ্রস্ত হয়েছে।

শেরপুরের ঝিনাইগাতীতে ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলের পানিতে প্লাবিত উপজেলা পরিষদ চত্বর। আজ দুপুরে
ছবি: প্রথম আলো

ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শাহাদাত হোসেন দুপুরে প্রথম আলোকে বলেন, মহারশি নদীর পানি বেড়ে আজ সকাল থেকে ঝিনাইগাতী বাজারসহ বিভিন্ন এলাকা প্লাবিত হয়েছে। বাজারের অধিকাংশ দোকানপাট বন্ধ রয়েছে।

শেরপুরের ঝিনাইগাতীতে মহারশি নদীর পানি বৃদ্ধি পেয়ে প্রবল বেগে নিম্নাঞ্চলে প্রবেশ করছে। আজ দুপুরে উপজেলার রামেরকুড়া এলাকায়
ছবি: প্রথম আলো

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারুক আল মাসুদ বলেন, সকাল থেকে ঝিনাইগাতী সদরে পানি আসতে শুরু করেছে। উপজেলা পরিষদে পানি ওঠায় সরকারি কার্যক্রম ব্যাহত হচ্ছে। বৃষ্টি দীর্ঘস্থায়ী হলে ক্ষয়ক্ষতির পরিমাণ বাড়বে। তবে পানিবন্দী মানুষের পাশে প্রশাসন আছে। তাঁদের জন্য প্রয়োজনীয় সবকিছু করা হবে।