ঝিনাইগাতীতে শিশু হত্যার দায়ে একজনের যাবজ্জীবন
শেরপুরের ঝিনাইগাতীতে মো. আল মামুন নামের সাত বছরের এক শিশুকে হত্যার দায়ে একজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁকে ১০ হাজার টাকা জরিমানা ও তা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। শেরপুরের জেলা ও দায়রা জজ মো. আল মামুন আজ বুধবার দুপুরে এ রায় দেন।
দণ্ডপ্রাপ্ত ব্যক্তির নাম বাচ্চু মিয়া (৫৪)। তিনি ঝিনাইগাতী উপজেলার তামাগাঁও গ্রামের মৃত শাহাজ উদ্দিন ব্যাপারীর ছেলে। নিহত আল মামুন ঝিনাইগাতী উপজেলার ডাকাবর গ্রামের গোলাম রব্বানীর ছেলে। রাষ্ট্রপক্ষের সরকারি কৌঁসুলি (পিপি) চন্দন কুমার পাল ডাকাবর গ্রামের মামুনকে হত্যার দায়ে বাচ্চু মিয়াকে যাবজ্জীবন দেওয়ার সত্যতা নিশ্চিত করেছেন।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা গেছে, দীর্ঘদিন ধরে আল মামুনের বাবা গোলাম রব্বানীর সঙ্গে বাচ্চু মিয়ার পূর্বশত্রুতা চলে আসছিল। এর জের ধরে ২০১৭ সালের ২৯ আগস্ট সন্ধ্যায় বাচ্চু মিয়া ডাকাবর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আল মামুনকে তুলে নিয়ে যান এবং ওই দিন রাতে তাকে শ্বাসরোধে হত্যা করে লাশ মহারশি নদীসংলগ্ন একটি জঙ্গলে ফেলে রাখেন। এলাকাবাসীর সহযোগিতায় ২০১৭ সালের ৩০ আগস্ট ঝিনাইগাতী থানার পুলিশ আল মামুনের লাশ উদ্ধার করে।
এ ঘটনায় আল মামুনের বাবা গোলাম রব্বানী বাদী হয়ে বাচ্চু মিয়ার বিরুদ্ধে ঝিনাইগাতী থানায় হত্যা মামলা করেন। পরে বাচ্চু মিয়া ১৬৪ ধারায় আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ঝিনাইগাতী থানার তৎকালীন উপপরিদর্শক খোকন চন্দ্র সরকার তদন্ত শেষে ২০১৭ সালের ৩০ নভেম্বর আদালতে অভিযোগপত্র দেন। সাক্ষ্যপ্রমাণ বিশ্লেষণ শেষে আদালত আজ রায় দেন।
পিপি চন্দন কুমার পাল রায়ে সন্তোষ প্রকাশ করেন। তবে আসামিপক্ষের আইনজীবী আদালতে না থাকায় এ বিষয়ে তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।