ঝিনাইগাতীতে ১০ মাসের শিশুর করোনা শনাক্ত
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ১০ মাসের এক শিশুর করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। জেলায় এক বছরের কম বয়সী কোনো শিশুর করোনাভাইরাস সংক্রমণের ঘটনা এই প্রথম। গত ২৪ ঘণ্টায় ওই শিশুসহ দুজনের সংক্রমণ শনাক্ত হয়েছে। শনাক্ত অন্যজন সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা।
গতকাল রোববার রাতে ময়মনসিংহ মেডিকেল কলেজের পিসিআর ল্যাব থেকে পাঠানো প্রতিবেদনের বরাত দিয়ে জেলার সিভিল সার্জন এ কে এম আনওয়ারুর রউফ প্রথম আলোকে এ তথ্যের সত্যতা নিশ্চিত করেন।
এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪০৫ জনে। সুস্থ হয়েছেন ৩২৫ জন। মারা গেছেন সাতজন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. জসিম উদ্দিন জানান, ১০ মাসের মেয়েশিশুটি ঝিনাইগাতী উপজেলার ঘাগড়া গ্রামের। এর আগে ওই শিশুটির পরিবারের দুজন কোভিড–১৯–এ আক্রান্ত হন। এ কারণে ওই পরিবারটির অন্য সদস্যদের সঙ্গে শিশুটিরও নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার প্রতিবেদনে শিশুটির সংক্রমণ শনাক্ত হয়েছে। শিশুটিকে বাসায় রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
এ ছাড়া নতুন শনাক্ত অপর ব্যক্তি একই উপজেলার দিঘীরপাড় গ্রামের। নাম মো. সারোয়ার রহমান (৪০)। তিনি জামালপুরের বকশীগঞ্জ উপজেলার সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তা হিসেবে কর্মরত আছেন। তিনিও বাড়িতে চিকিৎসা নিচ্ছেন।
সিভিল সার্জন আনওয়ারুর রউফ প্রথম আলোকে বলেন, ঈদুল আজহার পর থেকে শেরপুরে করোনাভাইরাস সংক্রমণের বিস্তার বেড়েই চলেছে। গত ৫ এপ্রিল জেলায় প্রথম দুই নারীর করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তের পর সাড়ে চার মাসে এই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪০৫ জনে। এর মধ্যে আগস্ট মাসের ২৩ দিনে আক্রান্ত হয়েছেন ৯৩ জন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ঈদের পর যথাযথভাবে স্বাস্থ্যবিধি মেনে না চলায় মানুষ কোভিড–১৯–এ আক্রান্ত হচ্ছেন। এর বিস্তার রোধে সবাইকে সচেতন হওয়া ও মাস্ক ব্যবহারসহ কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ জানান তিনি।