ঝিনাইদহ পলিটেকনিকে ৫৬টি কম্পিউটারের র‌্যাম, প্রসেসর চুরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঝিনাইদহ পলিটেকনিট ইনস্টিটিউট
ছবি: সংগৃহীত

ঝিনাইদহ পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার ল্যাব থেকে ৫৬টি কম্পিউটারের যন্ত্রাংশ চুরির ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার রাতে প্রতিষ্ঠানটির মূল ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে এসব যন্ত্রাংশ চুরি করা হয়।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ সাজেদ-উর রহমান জানান, কলেজের সিসি ক্যামেরায় দেখা যায়, গতকাল রাত পৌনে তিনটার দিকে লুঙ্গি ও প্যান্ট পরা তিন ব্যক্তি প্রাচীর টপকে ভেতরে প্রবেশ করেন। তাঁরা মই দিয়ে প্রথমে দ্বিতীয় তলায় ওঠে।

এরপর দ্বিতীয় ও তৃতীয় তলায় থাকা কম্পিউটার ল্যাবে ঢুকে অর্ধশতাধিক কম্পিউটারের র‌্যাম ও প্রসেসর খুলে নিয়ে যান। চলে যাওয়ার সময় কম্পিউটার ল্যাবের দরজায় অন্য তালা লাগিয়ে চাবি ফেলে রেখে যান।

এ ঘটনায় ঝিনাইদহ সদর থানায় মামলা করা হবে বলে জানান অধ্যক্ষ। কলেজের নিরাপত্তা প্রহরী বিল্লাল হোসেন বলেন, রাত ১০টার দিকে তিনি প্রতিষ্ঠানে যান। রাতে কখন চুরি হয়েছে, তার কিছুই জানেন না।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. সোহেল রানা জানিয়েছেন, চুরির ঘটনা শোনার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। চুরি হওয়া মালামাল উদ্ধার ও দোষী ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে।