ঝিনাইদহে অগ্নিদগ্ধ হয়ে শিশুর মৃত্যু
ঝিনাইদহ সদর উপজেলায় বাড়িতে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে মারা গেছে সাত মাসের এক কন্যাশিশু। শুক্রবার সকালে সদর উপজেলার গান্না ইউনিয়নের ভাদালিডাঙ্গা গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মারা যাওয়া শিশুটির নাম তানিশা। সে একই গ্রামের ইব্রাহিম হোসেনের মেয়ে।
গান্না ইউনিয়নের চেয়ারম্যান নাসির উদ্দিন মালিতা বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হঠাৎ করেই দিনমজুর ইব্রাহিমের বাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তে সেই আগুন অন্য ঘরে ছড়িয়ে পড়ে। এতে তিনটি ঘর আগুনে পুড়ে যায়। প্রতিবেশীরা এসে এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। ততক্ষণে ঘরের ভেতর ঘুমিয়ে থাকা সাত মাসের কন্যাশিশু তানিশা মারা যায়।
বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। অগ্নিকাণ্ডের পর সদর উপজেলা চেয়ারম্যান আবদুর রশিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম শাহীন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।