ঝিনাইদহে আদালতের মালখানায় ঝালাই যন্ত্র বিস্ফোরণে একজন নিহত

ঝিনাইদহে আদালতের মালখানায় ঝালাই যন্ত্র বিস্ফোরণে একজন নিহত হয়েছেনছবি: প্রথম আলো
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝিনাইদহে আদালতের মালখানায় ঝালাই যন্ত্র বিস্ফোরণে এক শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন তিনজন। আজ রোববার দুপুরে মেরামত কাজ চলাকালে এই ঘটনা ঘটে।

নিহত শ্রমিক হলেন ঝিনাইদহ সদর উপজেলার উত্তর কাষ্টসাগরা গ্রামের শফিকুল ইসলাম (২৮)। আহত হয়েছেন কাজী মুস্তাক (২৬), রাজিব হাসান (৩০) ও আসাদ হোসেন (২৭)।  

ঘটনার পর ওই এলাকায় বিকট শব্দ ও ধোঁয়া উড়তে দেখে আদালতে আসা বিচারপ্রার্থীসহ অন্যরা ছুটাছুটি শুরু করেন। এই ভবনের ওপরেই চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত। ঘটনার খবর পেয়ে জেলা প্রশাসক, ফায়ার সার্ভিসের একটি দলসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা ঘটনাস্থলে যান।

আদালতের মালখানার দায়িত্বে থাকা পুলিশ কর্মকর্তা এমামুল ইসলাম বলেন, আদালতের মালখানায় মেরামতের কাজ চলছিল। শ্রমিকেরা ঝালাই যন্ত্র দিয়ে ঝালাইয়ের কাজ করছিলেন। বেলা ১টা ৪০ মিনিটের দিক হঠাৎ তাঁদের ওই মেশিন বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। এতে ঘটনাস্থলে থাকা শ্রমিকদের মধ্যে চারজন আহত হন। তাঁদের মধ্যে শফিকুল ইসলাম নামের একজন গুরুতর আহত হন। হাসপাতালে নেওয়ার পর তিনি মারা যান।

আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) ইসমাইল হোসেন বলেন, ঘটনার পর আদালতপাড়ায় ছুটাছুটি শুরু হয়। অনেকে আতঙ্কিত হয়ে এলাকা থেকে দূরে সরে যান। একজনের দুই পা বিচ্ছিন্ন হয়ে গেছে।

ঝিনাইদহ ফায়ার সার্ভিসের কর্মকর্তা শামিমুল ইসলাম বলেন, তাঁরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে যান। হতাহত ব্যক্তিদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।