ঝিনাইদহে ইজিবাইকচালককে পিটিয়ে হত্যা
ঝিনাইদহের মহেশপুর উপজেলার কেশবপুরে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে হাফিজুর রহমান (৪০) নামের এক ইজিবাইকচালককে পিটিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার রাত আটটার দিকে এ ঘটনা ঘটে।
নিহত হাফিজুর রহমান মহেশপুর উপজেলার চাপাতলা গ্রামের বাসিন্দা।
স্থানীয় বাসিন্দা রফিকুল ইসলামের ভাষ্য, গতকাল রাত আটটার দিকে হাফিজুর রহমান ইজিবাইক নিয়ে দত্তনগর বাজার থেকে বাড়ি ফিরছিলেন। পথে কেশবপুর মোড়ে পৌঁছালে সেখানে রাস্তার পাশে থাকা একটি মোটরসাইকেলে ইজিবাইকের ধাক্কা লাগে। এরই জের ধরে মোটরসাইকেলের চালক খালিদ হাসানের সঙ্গে হাফিজুরের বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে খালিদ হাসান কয়েকজনকে নিয়ে হাফিজুর রহমানকে লাঠি দিয়ে বেধড়ক মারধর করে চলে যান। সেখান থেকে তাঁকে উদ্ধার করে জীবননগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তাঁর মৃত্যু হয়।
মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, এ ঘটনায় নিহতের স্ত্রী বাদী হয়ে থানায় একটি মামলা করেছেন। আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।