ঝিনাইদহে চিত্রা নদীর বুকে পুকুর, চলে ধান চাষ
কোথাও নদীর পাড়, কোথাও তলদেশ দখল হয়ে গেছে। পাড়ে মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে বড় বড় ভবন। তলদেশে চলছে চাষাবাদ। দখলদারেরা এভাবে প্রায় গ্রাস করে ফেলেছে চিত্রা নদীটি। এখন নদীটিকে দেখলে সরু খাল মনে হবে। নদীর ঝিনাইদহ অংশের অনেক জায়গা প্রভাবশালীরা দখল করে নিয়েছে।
অবশ্য পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তালিকায় দখল হিসেবে নদীর ঝিনাইদহ অংশে আটটি পুকুরের কথা উল্লেখ আছে। অবশ্য চিত্রা বাঁচাও আন্দোলনের নেতারা একে হাস্যকর বলছেন। নদীর জায়গা দখল করে বাড়িঘর নির্মাণ করা হয়েছে। বড় বড় গাছ লাগানো হয়েছে। এসব স্থাপনা অপসারণের দাবিতে তাঁরা আন্দোলন করে আসছেন।
স্থানীয় লোকজন বলছেন, একসময় নদীতে লঞ্চ-স্টিমার চলত। ব্যবসায়ীদের পণ্য পরিবহনে ব্যবহার হতো। নদীর ঘাটকে ঘিরেই গড়ে উঠেছে কালীগঞ্জ শহর। নদীপাড়ে আরও গড়ে উঠেছে গান্না, চাপরাইল, মঙ্গলপোতাসহ ছোট ছোট বেশ কয়েকটি বাজার। অথচ নদীটি দখল হয়ে অনেক স্থানে এখন সংকুচিত হয়ে পড়েছে। ভূমি কার্যালয়ের কাগজপত্র বলছে, নদীর প্রশস্ততা ১০০ থেকে ১৫০ ফুট। কিন্তু বাস্তবে কোথাও ৩০–৪০ ফুটের বেশি নেই।
জানতে চাইলে বাংলাদেশ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক শরীফ জামিল প্রথম আলোকে বলেন, বর্ষায় জোয়ারের পানি যতটুকু ওঠে, তার থেকে আরও ১০ মিটার পর্যন্ত নদীর জায়গা। সে স্থান দখল বা কোনো স্থাপনা নির্মাণ করা যাবে না।
সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, কোটচাঁদপুরের তালসার থেকে কালীগঞ্জের শালিখা পর্যন্ত নদীর দুই পাড়ে অসংখ্য পুকুর। যেখানে মাছ চাষ করা হচ্ছে। কালীগঞ্জ শহরের বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে সেতুসংলগ্ন পাকা ভবন নির্মাণ শুরু হয়েছিল। আপাতত নির্মাণকাজ বন্ধ আছে। এর পশ্চিমে শিবনগর গ্রামের মুক্তার হোসেন নদীর জায়গায় পাকাঘর তৈরি করেছেন। মুক্তার হোসেনের দাবি, এটা তাঁরই জায়গা। শহরের মধ্যে থাকা সেতুটির (পুরোনো ব্রিজ) দুই পাশে মার্কেট গড়ে উঠেছে। সেতুর পশ্চিমে নদীর দুই পাড়ে বড় বড় পাকা ভবন বানানো হয়েছে। এখানে নদীটি খালে পরিণত হয়েছে। সেতুর পূর্ব পাশেও দুই পাড়ে অসংখ্য পাকা ভবন।
সদর উপজেলার গান্না এলাকার জনতা ব্যাংকের সাবেক প্রভাবশালী কর্মকর্তা আবেদ আলী গান্না বাজারের পাশে নদীর মধ্যে একটি পুকুর কেটেছিলেন। তিনি মারা যাওয়ার পর তাঁর পরিবারের দখলে আছে পুকুরটি। এই বাজারে মহিউদ্দিন, আলতাফ হোসেনসহ একাধিক ব্যক্তির পুকুর রয়েছে। একেকটি পুকুর ২৫ থেকে ৩০ শতাংশ জমি নিয়ে করা হয়েছে।
দখলদারের একজন মহিউদ্দিনের ছেলে জাহিদুল ইসলাম বলেন, তাঁরা বিনিময়সূত্রে এই জমি পেয়েছেন। কিছু জমি কেনাও আছে। এগুলো নদীর জায়গা না। কোটচাঁদপুর উপজেলার তালিনা এলাকায় নদীর পাড়ে শাহজাহান আলী, রওশন আলীসহ কয়েকজনের পুকুর আছে। অবশ্য রওশন আলীর দাবি, এগুলো তাঁদের মালিকানার জায়গা। ইকড়া সেতুর কাছে পুকুর কেটেছেন আবদুল হামিদ। সদরের কাশিমপুর ও কোটচাঁদপুরের জালালপুর এলাকায় নদীর মধ্যে কয়েকটি পুকুর আছে। সদর উপজেলার সুতি গ্রামের টিপু মন্ডলের একটি পুকুর রয়েছে নদীর পাড়ে।
পাউবোর তালিকা অনুযায়ী, কালীগঞ্জ উপজেলার সিংদহ গ্রামের মতিয়ার রহমান, ইসাহক আলী, সিরাজুল ইসলাম, লিয়াকত আলী, মিজানুর রহমান, মফিজ উদ্দিন, আফসার আলী ও মো. আবদুলের আটটি পুকুর আছে নদীর জায়গায়।
চিত্রা বাঁচাও আন্দোলনের আহ্বায়ক শিবুপদ বিশ্বাস জানান, চিত্রায় অসংখ্য পুকুর আর ভবন রয়েছে। অথচ সরকারের দখলের তালিকায় এসেছে মাত্র আটটি পুকুর। এখন শুরু হয়েছে ধান চাষ। এরা প্রথমে ধান চাষ করবে, পরে বড় বড় গাছ লাগিয়ে দখল করে নেবে।
ঝিনাইদহের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) রাজিবুল ইসলাম খান প্রথম আলোকে বলেন, চিত্রা নদীর অবৈধ দখলদারের একটি তালিকা তৈরি হয়েছে। এগুলো উচ্ছেদের পরিকল্পনা তাঁদের রয়েছে। কিন্তু করোনা পরিস্থিতির জন্য এত দিন করা সম্ভব হয়নি। দ্রুতই তাঁরা উচ্ছেদ অভিযানে নামবেন।