ঝিনাইদহে দুই পক্ষের সংঘর্ষের মধ্যে পড়ে আহত ব্যক্তির মৃত্যু
মাহমুদুল হক পলাশ পেশায় ইজিবাইকচালক। আশা করেছিলেন ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য হয়ে এলাকার মানুষের জন্য কাজ করবেন। নিজে ফুটবল প্রতীক নিয়ে সদস্য পদে দাঁড়িয়েছিলেন। তবে নৌকা ও আনারস প্রতীকের দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষের মধ্যে পড়ে গতকাল বুধবার তিনি আহত হন। আজ বৃহস্পতিবার সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে বাজারে গিয়ে অসুস্থ হয়ে মারা যান। ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্ধী ইউনিয়নে এ ঘটনা ঘটে।
মাহমুদুল ঝিনাইদহ সদর উপজেলার ফুরসন্ধী ইউপির ৫ নম্বর ওয়ার্ডের সদস্য প্রার্থী ছিলেন। গতকাল রাত আটটার দিকে টিকারী বাজারে নৌকার অফিসে হামলার সময় তিনি মারধরের শিকার হন। নির্বাচনী সহিংসতায় বিদ্রোহী আনারস প্রতীকের সমর্থকেরা টিকারী বাজারে থাকা নৌকার অফিস ও সেখানে থাকা আটটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এ ঘটনায় এলাকায় উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করেছে পুলিশ।
মাহমুদুলের মৃত্যু নিয়ে দুই ধরনের বক্তব্য পাওয়া গেছে। তাঁর স্বজনদের দাবি, তিনি রাতে টিকারী বাজারে নৌকার অফিসে বসে থাকা অবস্থায় মারধরের শিকার হন। এ ঘটনায় আঘাত পেয়ে আজ তিনি মারা গেছেন। তবে আরেকটি পক্ষের দাবি, তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন। এ বিষয়ে পুলিশ বলছে, ময়নাতদন্তের প্রতিবেদন পেলে বোঝা যাবে কীভাবে মাহমুদুলের মৃত্যু হয়েছে।
মাহমুদুলের ভাতিজা মোহাম্মদ রাজীব বলেন, গতকাল বিকেলে ধনঞ্জয়পুর বাজারে ফুরসুন্ধী ইউপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আনারস প্রতীকের আবু সাইদ শিকদার মিছিল করছিলেন। এ সময় নৌকার প্রার্থী শহিদুল ইসলাম শিকদারের সমর্থকেরা সেখানে হামলা করে কয়েকটি মোটরসাইকেল ভাঙচুর করেন। এর পরিপ্রেক্ষিতে রাতে বিদ্রোহী প্রার্থী আবু সাইদ শিকদারের সমর্থকেরা টিকারী বাজারে নৌকা প্রতীকের অফিসে হামলা করলে উভয় পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। তখন মারধরে আহত হন মাহমুদুল হকসহ কয়েকজন।
মাহমুদুল হকের স্ত্রী শিউলি খাতুন বলেন, তাঁর স্বামীকে মেরে ফেলা হয়েছে। তিনি এই হত্যার বিচার দাবি করেন।
বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী আবু সাইদ শিকদার বলেন, তিনি বিকেল থেকে ধনঞ্জয়পুর এলাকায় ভোট চাওয়ার কাজে ছিলেন। এমন সময় নৌকার লোকজন লাঠিসোঁটা নিয়ে মিছিল করতে করতে যাচ্ছিল। তাদের দেখে নিরাপদ স্থানে সরে যান তাঁরা। এরপরও মিছিলকারীরা ঘুরে এসে তাঁদের ওপর হামলা চালায়। পুলিশের সহযোগিতায় রক্ষা পান তাঁরা। টিকারী বাজারে নৌকার অফিস কারা ভেঙেছে তা তিনি জানেন না। মেম্বার প্রার্থী মাহমুদুল আঘাতপ্রাপ্ত হয়েছেন কি না, সেটাও তিনি জানেন না বলে দাবি করলেন।
ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা বলেন, মাহমুদুলের মৃত্যুর পর পুলিশের এক উপপরিদর্শক ওই বাড়িতে গেলে তাঁকেও পিটিয়ে আহত করা হয়েছে। তবে বর্তমানে পরিস্থিতি শান্ত। ময়নাতদন্তের জন্য লাশ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে জানা যাবে।