ঝিনাইদহে বিএনপির দুই পক্ষের মধ্যে সংঘর্ষ, পাল্টাপাল্টি ধাওয়া
ঝিনাইদহের শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির দুই পক্ষের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। আজ শনিবার বেলা তিনটার দিকে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে কয়েকজন নেতা-কর্মী আহত হয়েছেন।
শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে এ ঘটনা ঘটে বলে দলের নেতা-কর্মীরা জানিয়েছেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
তবে জেলা বিএনপির সদস্যসচিব এম এ মজিদ প্রথম আলোকে বলেন, সম্মেলনকে ঘিরে কোনো মারামারির ঘটনা ঘটেনি। সবার উপস্থিতিতে ভোটের মাধ্যমে কমিটি করা হয়েছে।
দলীয় সূত্রে জানা গেছে, দুপুর ১২টার দিকে শৈলকুপা উপজেলা ও পৌর বিএনপির সম্মেলনকে ঘিরে নেতা-কর্মীরা জেলা কার্যালয়ে অবস্থান নেন। বেলা তিনটার দিকে আবুল হোসেনকে সভাপতি ও হুমায়ুন বাবরকে সাধারণ সম্পাদক করে শৈলকুপা উপজেলা এবং আবু তালেবকে সভাপতি ও সেলিম রেজাকে সাধারণ সম্পাদক করে শৈলকুপা পৌর বিএনপির কমিটি ঘোষণা করা হয়। এরপর পদ পাওয়া এবং বঞ্চিত নেতা-কর্মীরা দলীয় কার্যালয় থেকে বেরিয়ে সামনাসামনি অবস্থান নেন। এ সময় উভয় পক্ষ একে অপরের দিকে ইটপাটকেল ছুড়তে শুরু করেন। তাঁদের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনাও ঘটে। এতে উভয় পক্ষের পাঁচ থেকে ছয়জন নেতা-কর্মী আহত হয়েছেন। আহত ব্যক্তিদের মধ্যে আল-আমিন, জিল্লুর রহমান ও আবদুল করিমকে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শেখ মোহাম্মদ সোহেল রানা প্রথম আলোকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাঠিপেটা করে তাঁদের ছত্রভঙ্গ করে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক আছে। এ ঘটনায় এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দেননি।