ঝিনাইদহে যুবলীগের সাবেক নেতাকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হত্যা
প্রতীকী ছবি

ঝিনাইদহে যুবলীগের সাবেক এক নেতাকে প্রকাশ্যে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ রোববার বেলা পৌনে তিনটার দিকে ঝিনাইদহ পৌর এলাকার খাজুরা গ্রামের বটতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আবন আলী (৪২)। তিনি পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সাবেক সভাপতি ও খাজুরা গ্রামের সালামত আলী মন্ডলের ছেলে। আবন আলী একটি হত্যা মামলার আসামি উল্লেখ করে পুলিশ জানিয়েছে, ওই হত্যাকাণ্ডের জেরে এ ঘটনা ঘটে থাকতে পারে।

স্থানীয় লোকজন জানিয়েছেন, দুপুরে নিজ বাড়ি থেকে ওষুধ কেনার জন্য বটতলা এলাকার ছাদেক মোড়ে একটি ফার্মেসিতে যান আবন আলী। সেখানে আগে থেকে ওঁত পেতে থাকা সন্ত্রাসীরা তাঁর ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীরা তাঁকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে এবং মৃত্যু নিশ্চিত করতে গলা কেটে ফেলে রেখে যায়। পরে তাঁকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

খাজুরা গ্রামের একাধিক ব্যক্তি বলেন, ২০২০ সালের ১০ জুন ফারুক হোসেন নামে তাঁদের গ্রামের এক ব্যক্তি খুন হন। বিএনপি থেকে আওয়ামী লীগে যোগ দেওয়াকে কেন্দ্র করে বিরোধে ফারুক খুন হন বলে তাঁদের ধারণা। ওই খুনের ঘটনায় হওয়া মামলার আসামি আবন আলী। ফারুক হত্যার জেরে আজ তাঁকে খুন করা হয়েছে বলে তাঁরা মনে করেন।

বাবার হত্যাকারীদের বিচারের দাবি করে আবন আলীর ছেলে শাহীন হোসেন বলেন, ‘আশা করছি, পুলিশ দ্রুততম সময়ের মধ্যে এ হত্যায় জড়িত ব্যক্তিদের আইনের আওতায় এনে কঠোর শাস্তি নিশ্চিত করবে।’

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আগের একটি হত্যাকাণ্ডের জের ধরে এ ঘটনা ঘটানো হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের আটকে পুলিশের অভিযান চলছে।