ঝিনাইদহে রেলপথ বাস্তবায়ন সংগ্রাম কমিটি গঠন
ঝিনাইদহে রেললাইন স্থাপনের দাবিতে ঝিনাইদহ রেলপথ বাস্তবায়ন সংগ্রাম কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় ঝিনাইদহ প্রেসক্লাবে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে এ কমিটি গঠিত হয়। এতে আহ্বায়ক করা হয়েছে অবসরপ্রাপ্ত শিক্ষক খন্দকার হাফিজ ফারুককে।
সন্ধ্যা সাড়ে ছয়টায় ঝিনাইদহ প্রেসক্লাবে উন্মুক্ত আলোচনা শুরু হয়। এতে সভাপতিত্ব করেন সাংবাদিক এম রায়হান। বক্তব্য দেন এম এন শাহজালাল, খন্দকার হাফিজ ফারুক, আমিনুর রহমান, মনোয়ারুল হক, ইসমাইল হোসেন, হাবিবুর রহমান, শাহিনুর আলম, আসাদুজ্জামান, ফেটু জোয়াদ্দার, সাইফুল মাবুদ, নিজাম উদ্দিন জোয়াদ্দার, কামরুজ্জামান প্রমুখ।
বক্তারা বলেন, ব্রিটিশ আমলে ঝিনাইদহে রেলপথ ছিল। যশোর থেকে ঝিনাইদহ পর্যন্ত রেলপথটি জেজে লাইন হিসেবে পরিচিত ছিল। কালক্রমে এটি প্রত্যাহার করে নেওয়া হয়। কিন্তু এর স্থাবর সব সম্পদ রয়ে গেছে, যা বিভিন্ন দখলদারের কবলে চলে গেছে। এগুলো দখলমুক্ত করে রেলপথটি পুনঃস্থাপন করা এখন ঝিনাইদহবাসীর প্রাণের দাবি।
তাঁরা আরও বলেন, সরকার দেশের বেশির ভাগ জেলা রেলপথের আওতায় নিয়ে আসার পরিকল্পনা নিয়েছে। পার্শ্ববর্তী মাগুরা সেই আওতায় আসছে বলে শোনা যাচ্ছে। এর আওতায় ঝিনাইদহ নয় কেন—এমন প্রশ্ন ঝিনাইদহবাসীর।
খন্দকার হাফিজ ফারুক বলেন, শিগগিরই পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করে আন্দোলনের কর্মসূচি দেওয়া হবে। জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হবে। এ ছাড়া মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করা হবে। দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আন্দোলন অব্যাহত থাকবে। প্রয়োজনে কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এদিকে গতকাল সকালে ঝিনাইদহ হয়ে পদ্মা সেতু পর্যন্ত রেললাইন স্থাপনের দাবিতে সরকারি কেসি কলেজের সামনে মানববন্ধন হয়েছে।