ঝিনাইদহে ২৪ ঘণ্টায় করোনায় ৮ জনের মৃত্যু, শনাক্ত ১১৭
ঝিনাইদহে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে ৮ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে নতুন করে জেলায় এ পর্যন্ত সর্বোচ্চ ১১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। বুধবার জেলা সিভিল সার্জনের কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
সিভিল সার্জন সেলিনা বেগম জানান, বুধবার সকালে কুষ্টিয়া ও ঝিনাইদহ ল্যাব থেকে ২২৭টি নমুনা পরীক্ষার ফলাফলের প্রতিবেদন আসে। ওই প্রতিবেদনে ১১৭ জনের ফলাফল পজিটিভ এসেছে। শনাক্তের হার ৫১ দশমিক ৫৪ শতাংশ। এ পর্যন্ত জেলায় ৩ হাজার ৬৩৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, গত ২৪ ঘণ্টায় ঝিনাইদহ সদর হাসপাতালের করোনা ইউনিট ও বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন ৮ জন। তাঁদের মধ্যে ঝিনাইদহ সদর হাসপাতালে ৪ জন, হরিণাকুণ্ডু উপজেলার রহিমপুর গ্রামে ১ জন, শৈলকুপার বাগুটিয়া গ্রামে ১ জন, মহেশপুর উপজেলার আজমপুর গ্রামে ১ জন ও কোটচাঁদপুর উপজেলার মায়াধরপুর গ্রামে ১ জন রয়েছেন। এ নিয়ে জেলায় মৃত্যুর সংখ্যা দাঁড়াল ৭৯।
করোনার সংক্রমণ প্রতিরোধে জেলায় চলছে লকডাউন। লকডাউন কার্যকর করার জন্য জেলা শহরের বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। এ ছাড়া ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করছেন। বুধবার জেলা শহরের বাজারে লোকজন তেমন দেখা যায়নি। দোকানপাটও খোলা পাওয়া যায়নি।