ঝিনাইদহের পজিটিভ থেকে নেগেটিভ হলেন ১৫ জন

করোনা পজিটিভ হওয়া ঝিনাইদহের ৭ জন চিকিৎসক, নার্সসহ ১৫ রোগীর দ্বিতীয় দফা নমুনা পরীক্ষার রিপোর্ট ঢাকা থেকে নেগেটিভ এসেছে। বাকি ১৮ জনের পরীক্ষার রিপোর্ট পাওয়ার অপেক্ষায় আছে স্বাস্থ্য বিভাগ।
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ল্যাবে প্রথম দফায় তাঁদের নমুনা পরীক্ষা করে করোনা পজিটিভ পাওয়া যায়।
সিভিল সার্জন সেলিনা বেগম জানান, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে পজিটিভ হওয়া ঝিনাইদহের ৩৩ করোনা রোগীর নমুনা ৩, ৭ ও ১৪ দিনের ব্যবধানে পুনরায় ঢাকায় পাঠানো হয়েছিল। ঢাকা থেকে ১৫ জনের রিপোর্ট নেগেটিভ এসেছে। বাকি ১৮ জনের প্রতিবেদন পাওয়ার অপেক্ষায় আছেন তাঁরা।
যবিপ্রবির রিপোর্ট নিয়ে কোনো সন্দেহ আছে কি না, এমন প্রশ্নের জবাবে সিভিল সার্জন বলেন, বিষয়টি যবিপ্রবি কর্তৃপক্ষই ভালো বলতে পারবে। তবে আবারও পরীক্ষার জন্য তাঁরা নমুনা পাঠাবেন বলে জানান।
চিকিৎসকদের একটি সূত্র জানায়, পজিটিভ থেকে নেগেটিভ হওয়া রোগীর রক্তের নমুনা সংগ্রহ করা হয়েছিল আক্রান্ত হওয়ার ৩ দিন, ৭ দিন ও ১৪ দিন পর। চিকিৎসকদের অভিমত, করোনাভাইরাস তার ক্যারেক্টার পরিবর্তন করে অটোমেটিক নেগেটিভ হতে পারে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন চিকিৎসক জানান, করোনা–আক্রান্ত রোগীর রক্ত ল্যাবে বসানোর আগ পর্যন্ত ভাইরাস তার চরিত্র পরিবর্তন করতে পারে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) থেকে পজিটিভ হওয়া ঝিনাইদহের ১৫ রোগীর রিপোর্টের ক্ষেত্রে এমন হতে পারে।
অপর দিকে গতকাল বৃহস্পতিবার রাতে ঝিনাইদহের শৈলকুপা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনার উপসর্গ নিয়ে এক ব্যক্তি মারা যান। আজ সকালে জেলা প্রশাসক সরোজ কুমার নাথের সার্বিক তত্ত্বাবধানে ঝিনাইদহ ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে লাশ দাফন করা হয়।