ঝিনাইদহের মহেশপুরে নদের তীরে ‘গণকবরের’ সন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নদ খননের সময় উদ্ধার হওয়া মানুষের মাথার খুলি, হাড়। রোববার দুপুরে ঝিনাইদহের মহেশপুর উপজেলা শহরের কপোতাক্ষ নদের তীরে
ছবি: প্রথম আলো

ঝিনাইদহের মহেশপুরে একটি গণকবরের সন্ধান পাওয়া গেছে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। উপজেলা শহরের কপোতাক্ষ নদের তীরে খননের সময় মানুষের মাথার বেশ কিছু খুলি ও হাড়ের সন্ধান পাওয়া যায়।

মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নয়ন কুমার রাজবংশী বলেন, তিনি ঘটনাস্থলে গিয়ে মাথার খুলি ও হাড় দেখেছেন। স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এটি মুক্তিযুদ্ধের সময়ের চিহ্ন। তাঁরা এটি সংরক্ষণের ব্যবস্থা করবেন।

স্থানীয় লোকজন জানান, কপোতাক্ষ নদ খননের সময় শহরের পাশে সেতুর নিচ থেকে মানুষের মাখার খুলি ও হাড় দেখতে পান এলাকাবাসী। পরে তাঁরা খুলি ও হাড়গুলো গুছিয়ে সেখানে রাখেন।

স্থানীয় বাসিন্দা কবির হোসেন বলেন, নদ খনন করার পর হাড়, মাথার খুলি পাওয়া গেছে। বৃষ্টি হওয়ার পর এগুলো বের হয়ে যায়। কয়েকজন যুবক সেখানে গোসল করতে গিয়ে দেখতে পান। এখনো ওই অবস্থায় আছে।

এলাকার প্রবীণদের বরাত দিয়ে কবির হোসেন বলেন, মুক্তিযুদ্ধের সময়ে মহেশপুরে পাকিস্তান সেনাবাহিনীর ক্যাম্প ছিল। পাকিস্তানি সেনারা বিভিন্ন স্থান থেকে মানুষকে ধরে এনে হত্যা করত। পরে তাদের গণকবর দিত। এটি সেই গণকবর হতে পারে।