ঝুঁকি নিয়ে চলাচল, দুর্ভোগে ৫০ হাজার মানুষ

ঝুঁকিপূর্ণ সেতুটির ওপর দিয়ে চলাচলের সময় গত কয়েক মাসে নদীতে পড়ে অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রাণ গেছে একজনের।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বরিশালের উজিরপুর উপজেলার কচা নদীর সেতুটি বেহাল হয়ে পড়েছে। গতকাল সকালে তোলা
ছবি: প্রথম আলো

নির্মাণের চার–পাঁচ বছর পর ভেঙে গেছে সেতুর রেলিং। দুর্বল হয়ে পড়েছে ভিত। এমন নড়বড়ে সেতু বরিশালের উজিরপুর উপজেলার কচা নদীর সাতলা মাধ্যমিক বিদ্যালয়–সংলগ্ন এলাকায়। এতে এ সেতুতে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

বরিশাল এলজিইডি সূত্রে জানা যায়, ১৯৯৯–২০০০ সালে ৩০০ ফুট দৈর্ঘ্য ও ৮ ফুট প্রস্থের লোহার সেতুটি নির্মাণ করা হয়। খরচ পড়ে আড়াই কোটি টাকা। ২০০১ সালে সেতুটি পথচারীদের জন্য খুলে দেওয়া হয়।

উদ্বোধনের চার-পাঁচ বছরের মধ্যে ভেঙে যায় রেলিং। এ সেতুর ওপর দিয়ে ৫০ হাজার মানুষ চলাচল করে। ঝুঁকিপূর্ণ সেতুটির ওপর দিয়ে চলাচলের সময় গত কয়েক মাসে নদীতে পড়ে শিশু, নারী ও বৃদ্ধসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। প্রাণ গেছে একজনের। জরুরি ভিত্তিতে সেতুটি সংস্কার করা না হলে যেকোনো সময় প্রাণহানি ঘটতে পারে বলে আশঙ্কা এলাকাবাসীর।

স্থানীয় ব্যবসায়ী সহিদুল ইসলাম ও সফিকুল ইসলাম জানান, উজিরপুর উপজেলার রাজাপুর, শিবপুর, নয়াকান্দি, বিশারকান্দি, সাতলা, উত্তর সাতলা, দক্ষিণ সাতলা এবং বানারীপাড়া উপজেলার সীমান্তবর্তী গ্রামের মানুষ সেতুটি দিয়ে যাতায়াত ও মালামাল পরিবহন করে থাকে। এলাকাবাসী সেতুটির দুরবস্থার কথা জানিয়ে উপজেলা প্রকৌশলীকে লিখিতভাবে জানিয়েছেন। কিন্তু কেউ একবার দেখতেও আসেননি।

এক সপ্তাহ আগে এক পথচারী সেতু থেকে পড়ে যান। পরে হাসপাতালে চিকিৎসাধীন তাঁর মৃত্যু হয়।
শাহিন হাওলাদার, চেয়ারম্যান, সাতলা ইউপি

সরেজমিনে দেখা যায়, কচা নদীর ওপরে নির্মিত সেতুটির নিচের অংশের লোহার খুঁটিগুলো জং ধরে নষ্ট হয়ে গেছে। সেতুটির অ্যাঙ্গেলসহ বিভিন্ন উপকরণ খুলে পড়েছে। এতে মূল সেতুটি ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। স্বল্প প্রস্থের ৩০০ ফুট দৈর্ঘ্যের সেতুটির এ মাথা থেকে ও মাথা পর্যন্ত কোনো রেলিং নেই। পাশাপাশি দুটি ভ্যান বা রিকশা চললে জায়গা করে দিতে গেলে পথচারীরা যেকোনো সময় নদীতে পড়ে যাওয়ার ঝুঁকিতে থাকে।

উজিরপুর উপজেলার নয়াকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়, বৈদ্যবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাজাপুর হাই স্কুল, সাতলা মাধ্যমিক বিদ্যালয়, মধ্য রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও পশ্চিম দক্ষিণ সাতলা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অনেক শিক্ষার্থীর যাতায়াতের পথে পড়ে সেতুটি। অত্যন্ত ঝুঁকি নিয়ে তারা সেতু পারাপার হয়। দক্ষিণ সাতলা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. কালিমুল্লাহ ক্ষোভ প্রকাশ করে বলেন, প্রায় দুই দশক ধরে সেতুটির এ অবস্থা হলেও দেখার কেউ নেই।

স্থানীয় সুভাষ বৈরাগী, শেফালী রানী ও নিরাঞ্জন মন্ডল বলেন, গত কয়েক মাসে সেতু পার হওয়ার সময় রিকশাভ্যানকে জায়গা দিতে গিয়ে নদীতে পড়ে একজন নিহতসহ অন্তত ২০ জন আহত হয়েছেন। ২০ ফেব্রুয়ারি বিকেলে সেতুর ওপর দিয়ে দুটি ভ্যানগাড়ি পাশাপাশি পার হওয়ার সময় নদীতে পড়ে কাদের বালি নামের এক মাদ্রাসাছাত্র গুরুতর আহত হয়। সে উজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

সাতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহিন হাওলাদার বলেন, এক সপ্তাহ আগে এক পথচারী সেতু থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। সেতুটি রেলিংবিহীন অবস্থায় আছে প্রায় ১৫ বছর। এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হচ্ছে।

এ প্রসঙ্গে উজিরপুর উপজেলা প্রকৌশলী শেখ আজিমুর রশিদ বলেন, ‘সাপোর্টিং ফর রুরাল সেতু’ প্রকল্পের আওতায় গ্রামীণ সেতু সংস্কারকাজ চলমান রয়েছে। এর অধীনে সেতুটি সংস্কার করা হবে।