মহারশি নদে ডাকাবরে সেতু নেই
ঝুঁকি নিয়ে পারাপার, ভোগান্তি
অধিকাংশ সময় এলাকাবাসী তিন কিলোমিটার পথ ঘুরেই যাতায়াত ও পণ্য পরিবহন করে। এতে তারা দুর্ভোগ ও ভোগান্তি পোহাচ্ছে।
শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় মহারশি নদের ডাকাবর এলাকায় দীর্ঘদিনেও সেতু নির্মিত হয়নি। এ কারণে সেতুর অভাবে এলাকাবাসী ঝুঁকি নিয়ে নদ পারাপার হচ্ছে। এতে তারা ভোগান্তির শিকার হচ্ছে। বর্তমানে নদের ডাকাবর এলাকায় একটি নৌকা দিয়ে দুই পারের মানুষ পারাপার হচ্ছে।
এলাকাবাসী ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার নলকুড়া ইউনিয়নের ডাকাবর-মরিয়মনগর সড়কের মধ্য দিয়ে বয়ে গেছে মহারশি নদ। এ পথ দিয়ে নলকুড়া ইউনিয়নের নলকুড়া, কুশাইকুড়া, ভারুয়া, ফাকরাবাদ, গজারীকুড়া, গজারীপাড়া বারোয়ামারী, ডাকাবরসহ ১৫ গ্রামের অন্তত ৭ হাজার মানুষ যাতায়াত করে। নলকুড়া থেকে সদরের দূরত্ব প্রায় এক কিলোমিটার। কিন্তু মহারশি নদের ডাকাবর এলাকায় একটি সেতু না থাকায় এলাকাবাসী প্রায় তিন কিলোমিটার পথ ঘুরে উপজেলা সদরে যাতায়াত করে। তবে দীর্ঘ পথ ঘুরে যাওয়া থেকে রক্ষা পেতে অনেকে ডাকাবর এলাকায় একটি নৌকা দিয়ে নদ পার হয়ে উপজেলা সদরে আসে। কিন্তু ওই নৌকা দিয়ে পণ্য পরিবহন করা সম্ভব হয় না। এ কারণে অধিকাংশ সময় এলাকাবাসী তিন কিলোমিটার পথ ঘুরেই যাতায়াত ও পণ্য পরিবহন করে। এতে এলাকাবাসী দুর্ভোগ ও ভোগান্তি পোহাচ্ছে।
গত রোববার সরেজমিনে দেখা যায়, মহারশি নদের ডাকাবর এলাকায় নলকুড়া ইউনিয়নের ডাকাবর গ্রামসহ কয়েক গ্রামের মানুষ নিজেদের প্রয়োজনে উপজেলা সদরে যাতায়াতের জন্য একটি নৌকা ব্যবহার করছে। নৌকাটির দুই পাশে রশি বাঁধা। নৌকায় উঠে যাত্রী নিজেই রশি টান দিয়ে নদ পার হচ্ছে। এ সময় কথা হয় উপজেলার বারোয়ামারী গ্রামের আবদুস সালামের সঙ্গে। তিনি বলেন, নদের ডাকাবর এলাকায় গ্রামবাসী স্বেচ্ছাশ্রমে একটি বাঁশের সাঁকো তৈরি করেছিলেন। কিন্তু দুই বছর আগে বর্ষা মৌসুমে পাহাড়ি ঢলের প্রবল স্রোতে ওই সাঁকো ভেসে গেছে। পরে এলাকার শিক্ষার্থীদের যাতায়াতের জন্য দু-তিনটি শিক্ষাপ্রতিষ্ঠানের অর্থায়নে একটি নৌকা দেওয়া হয়। ওই নৌকা দিয়েই এখন অনেকে জীবনের ঝুঁকি নিয়ে নদ পার হয়। তবে অধিকাংশ মানুষ তিন কিলোমিটার ঘুরে সদরে যাতায়াত করে।
নলকুড়ার ইউপি চেয়ারম্যান মো. রুকুনুজ্জামান বলেন, সেতুর অভাবে এলাকাবাসীর ভোগান্তির বিষয়টি তিনি জানেন। স্থানীয় সাংসদ এ কে এম ফজলুল হকের সঙ্গে আলোচনা করে নদের ডাকাবর এলাকায় একটি সেতু নির্মাণে দ্রুত পদক্ষেপ নেবেন।
উপজেলা প্রকৌশলী শুভ বসাক বলেন, নদের ডাকাবরে সেতু নির্মাণের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রস্তাব পাঠানো হয়েছে। অনুমোদন হয়ে এলে সেতু নির্মাণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।