ঝুঁকি নিয়ে সেতু পারাপার

গাড়ি ওঠার সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপছে সেতুটি।ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছেন মানুষ ও শিক্ষার্থীরা।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভৈরব সেতু দিয়ে ঝুঁকি নিয়ে পারাপার হয় ভারী, যাত্রীবাহী ও পণ্যবোঝাই যানবাহন। গত মঙ্গলবার যশোর সদর উপজেলার বসুন্দিয়া এলাকায়
ছবি: প্রথম আলো

সেতুর এক প্রান্তে টাঙানো রয়েছে একটি সাইনবোর্ড। এতে লাল কালিতে বড় অক্ষরে লেখা, ‘সাবধান’। তার নিচে অপেক্ষাকৃত ছোট অক্ষরে লেখা, ‘এই ব্রিজটি ঝুঁকিপূর্ণ। ভারী/লোড গাড়ি চলাচল সম্পূর্ণ নিষিদ্ধ। আদেশক্রমে-এলজিইডি, যশোর।’ সেতুর উত্তর প্রান্তের সাইনবোর্ডটি এমনভাবে টাঙানো রয়েছে যে গাড়ি সেতুতে ওঠার আগেই চালকের চোখ সেদিকে যাবে। তবে সাইনবোর্ডে একনজর চোখ বুলিয়ে চালক গাড়ি উঠিয়ে দিচ্ছেন সেতুতে। আর গাড়ি ওঠার সঙ্গে সঙ্গে থরথর করে কাঁপছে সেতুটি। এভাবে প্রতিদিন হাজারো ভারী, যাত্রীবাহী ও পণ্যবোঝাই গাড়ি ঝুঁকি নিয়ে পারাপার হচ্ছে ঝুঁকিপূর্ণ সেতুটি। সেই সঙ্গে ঝুঁকি নিয়ে সেতু পার হচ্ছেন সাধারণ মানুষ ও স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

সেতুটির নাম ভৈরব সেতু। যশোর সদর উপজেলার বসুন্দিয়ায় ভৈরব নদের ওপর নির্মিত সেতুটি।

যশোর সদর উপজেলার বসুন্দিয়া মোড় এলাকায় যশোর-খুলনা মহাসড়ক থেকে বেরিয়ে গেছে বসুন্দিয়া-নড়াইল সড়ক। বসুন্দিয়া মোড় থেকে প্রায় তিন কিলোমিটার দূরে বসুন্দিয়া বাজার। বাজারের পাশ দিয়ে বয়ে গেছে ভৈরব নদ। নদের দক্ষিণ পাশে যশোর সদর উপজেলার বসুন্দিয়া গ্রাম। আর উত্তর পাশে যশোরের বাঘারপাড়া উপজেলার আলাদীপুর গ্রাম। বসুন্দিয়া এবং আলাদীপুর গ্রামকে সংযুক্ত করেছে ১৮০ ফুট দীর্ঘ ভৈরব সেতু।

স্থানীয় সরকার প্রকৌশল দপ্তর (এলজিইডি) সূত্র জানায়, সেতুটির দৈর্ঘ্য ১৮০ ফুট এবং প্রস্থ ৯ ফুট। ১৯৯০ সালের ২৬ জুলাই চলাচলের জন্য সেতুটি উন্মুক্ত করে দেওয়া হয়।

গত মঙ্গলবার সরেজমিনে দেখা যায়, সেতুর উত্তর প্রান্তে সেতু ঘেঁষে বাঁশ পোঁতা রয়েছে। সেই বাঁশে টাঙানো হয়েছে সতর্কীকরণ সাইনবোর্ড। সেতুর দক্ষিণ প্রান্তে কংক্রিটের কিছুটা ভাঙা অংশে লোহার পাত দিয়ে মেরামত করা হয়েছে। প্রায় সম্পূর্ণ সেতুর উভয় পাশের রেলিংয়ের পলেস্তারা খুলে পড়েছে। সেখানে লোহার রড বেরিয়ে আছে। কিছুক্ষণ পর পর যাত্রীবোঝাই বাস, পণ্যবোঝাই ট্রাক ও কাভার্ড ভ্যান সেতু পারাপার হচ্ছে। যানবাহনগুলো পারাপারের সময় সেতুটি থরথর করে কাঁপছে।

বাস ও ট্রাকের চালকেরা বলছেন, বসুন্দিয়া মোড় থেকে যশোর ঘুরে ধলগ্রাম মোড় হয়ে নড়াইল যেতে হয়। বসুন্দিয়া থেকে যশোর হয়ে ধলগ্রাম মোড় পর্যন্ত সড়কের দূরত্ব প্রায় ৪৩ কিলোমিটার। আর বসুন্দিয়া মোড় থেকে সরাসরি ধলগ্রাম মোড় পর্যন্ত সড়কের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। এ কারণে ভৈরব সেতুটি ঝুঁকিপূর্ণ হওয়া সত্ত্বেও দূরত্ব কম হওয়ার কারণে তাঁরা ঝুঁকি নিয়ে ঝুঁকিপূর্ণ ভৈরব সেতু পারাপার হচ্ছেন।

বাঘারপাড়া উপজেলার রাধানগর গ্রামের আবদুল গফুর মোল্যা বলেন, ‘সেতুটি খুবই গুরুত্বপূর্ণ। এই সেতু নিয়ে প্রতিদিন কয়েক হাজার মানুষ ও ছোট-বড় যানবাহন চলাচল করে। কিন্তু সেতুটির অবস্থা খুবই খারাপ। সেতুর নিচ থেকে সিমেন্ট, বালু খসে খসে পড়ছে। সেতু পার হতে খুব ভয় লাগে।’

বাঘারপাড়া উপজেলার আলাদীপুর গ্রামের গ্রামের সপ্তম শ্রেণির ছাত্র ফাহিম হোসেন প্রতিদিন সাইকেলে করে সেতু পার হয়ে বসুন্দিয়া স্কুল
অ্যান্ড কলেজে যায়। সে বলে, ‘সেতুটির অবস্থা খুব খারাপ। প্রস্থও কম। ট্রাক ও বাস পারাপারের সময় সেতুটি থরথর করে কাঁপতে থাকে। মনে হয় এক্ষুনি সেতুটি ভেঙে নদের মধ্যে পড়বে। ঝুঁকি নিয়ে সেতুটি পার হই।’

সেতুর উত্তর প্রান্তে লাল পতাকা হাতে দাঁড়িয়ে আছেন মোটর শ্রমিক ইউনিয়নের স্টাটার আবু দাউদ। তিনি বলেন, ‘পণ্যবোঝাই ভারী যানবাহন যাতে সেতু দিয়ে পারাপার হতে না পারে, সে জন্য আমরা দুজন এখানে পালাক্রমে ডিউটি করি। তবে সেতু দিয়ে যাত্রীবাহী বাস চলাচল করতে পারবে। এ জন্য যাত্রীবাহী বাস থেকে আমরা কুড়ি টাকা করে আদায় করি। মাঝেমধ্যে আমাদের চোখ ফাঁকি দিয়ে পণ্যবোঝাই ভারী যানবাহন সেতুতে উঠে পড়ে।’

যাত্রীবাহী বাস চালিয়ে খুলনা থেকে নড়াইলের কালনা যাচ্ছিলেন চালক তরিকুল ইসলাম। তিনি বলেন, ‘বসুন্দিয়া মোড় থেকে যশোর ঘুরে ধলগা মোড়ে আসতে প্রায় ৪৩ কিলোমিটার অতিক্রম করতে হয়। অথচ বসুন্দিয়া মোড় থেকে ধলগা মোড়ের দূরত্ব মাত্র ১০ কিলোমিটার। এ কারণে ঝুঁকিপূর্ণ জেনেও বাস চালিয়ে সেতু পারাপার হচ্ছি।’

সদর উপজেলা কার্যালয়ের প্রকৌশলী নাজমুল হুদা বলেন, ‘ঝুঁকিপূর্ণ সেতুর জায়গায় একটি নতুন সেতু নির্মাণ করা হবে। নতুন সেতু নির্মাণের বিষয়টি একটি প্রকল্পে অন্তর্ভুক্ত হয়েছে। ইতিমধ্যে মাটি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এরপর নকশা তৈরি করা হবে। আশা করছি, আগামী চার-পাঁচ মাসের মধ্যে নতুন সেতু নির্মাণের প্রক্রিয়া শুরু করা যাবে।’