ঝুঁকিতে বহু পরিবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চেঙ্গী নদীর তীব্র স্রোতে খাগড়াছড়ি জেলা সদরের পেরাছড়া, গঞ্জপাড়া, রাজ্যমুনিপাড়া, কালাডেবা, বটতলী ও কমলছড়ি এলাকায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। এতে ঝুঁকির মধ্যে রয়েছে বহু পরিবার।
সরেজমিনে দেখা যায়, ভাঙনের কারণে বহু পরিবার ঘরবাড়ি ভেঙে অন্যত্র যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। বহু পরিবার নদীর পাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাস করছে।
খাগড়াছড়ি জেলা শহরের বিপরীতে গঞ্জপাড়া গ্রামের কমপক্ষে ১৫টি পরিবার ভাঙনের হুমকিতে রয়েছে। যেকোনো সময় তাদের ঘরবাড়ি নদীতে বিলীন হয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। গঞ্জপাড়ার রুইসাই মগ (৬৬) বলেন, তাঁর ৪০ শতক জমি আছে। অর্ধেক জমি ইতিমধ্যে নদীতে বিলীন হয়ে গেছে। বর্তমানে তিনি যে বাড়িতে বসবাস করছেন, তার কিছু অংশও ভেঙে পড়েছে।
একই এলাকার বাচ্চু মিয়া (৬০) বলেন, ভাঙন রোধ করা না গেলে আরও বহু পরিবার ভিটেছাড়া হবে। গঞ্জপাড়ায় চেঙ্গী নদীর ওপর নির্মিত সেতুটিও হুমকির মধ্যে পড়বে।
রাজ্যমুনিপাড়ার ক্যচিং মং মারমা (৩৬) জানান, নদীভাঙন শুরু হওয়ায় তিনি দুটি নারকেলগাছ ও একটি জাম্বুরাগাছ কেটে ফেলেছেন। তাঁর অভিযোগ, গঞ্জপাড়ায় চেঙ্গী নদীর ওপর অপরিকল্পিতভাবে সেতু নির্মাণ করায় নদীর পানির স্রোত এখন রাজ্যমুনিপাড়ায় আঘাত হানছে। এর ফলে রাজ্যমুনিপাড়ায় ভাঙন শুরু হয়েছে।
খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা বলেন, ‘নদীভাঙন বিষয়ে জেলা সমন্বয় সভায় আলোচনা করেছি। স্থানীয় সাংসদ, জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের দৃষ্টি আকর্ষণ করেছি। নদীভাঙন রোধ করা না গেলে বহু পরিবার ভূমিহীন হয়ে পড়বে।’
পানি উন্নয়ন বোর্ডের খাগড়াছড়ি কার্যালয়ের উপবিভাগীয় প্রকৌশলী জাহাঙ্গীর চৌধুরী বলেন, খাগড়াছড়ি সদরের মুসলিমপাড়া, গঞ্জপাড়া ও বটতলী এবং খাগড়াছড়ি পৌরসভা ভবন রক্ষার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রকল্প প্রস্তাব করা হয়েছে। প্রকল্প অনুমোদিত হলে দ্রুত কাজ শুরু করা হবে।