আলী আমজাদ বিদ্যালয়
ঝুঁকিপূর্ণ ভবনে পাঠদান
বিদ্যালয়ের পাশে আরেক বিদ্যালয়ের একটি ভবন আছে। এটিকে সমন্বয় করার জন্য প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
মৌলভীবাজার শহরের আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়টি শ্রেণিকক্ষ–সংকটে ছাত্র–ছাত্রী ভর্তির ক্ষেত্রে স্থানীয় চাহিদা পূরণ করতে পারছে না। পড়াশোনার ক্ষেত্রে বিদ্যালয়টির সুনাম থাকায় শহর ও শহরের বাইরের অভিভাবকেরা তাঁদের সন্তানকে এই বিদ্যালয়ে ভর্তি করাতে আগ্রহী। কিন্তু শ্রেণিকক্ষ–সংকটে প্রতিবছর অনেক শিক্ষার্থীকেই ফিরিয়ে দিতে হয়। ঝুঁকিপূর্ণ টিনশেডের ভবনে চলছে পাঠদান।
এদিকে এই প্রাথমিক বিদ্যালয়ের পাশে আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের একটি ভবন আছে। বালিকা উচ্চবিদ্যালয় ভবনটি নিয়মিত ব্যবহার করছে না। এ অবস্থায় মালিকানাসংক্রান্ত জটিলতা নিরসন করে এটিকে প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে সমন্বয় করতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়কে চিঠি দেওয়া হয়েছে।
গত ২৯ মে আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে দেখা যায়, প্রাথমিক বিদ্যালয়ের সীমানাদেয়ালের ভেতর দক্ষিণ-পশ্চিম পাশে অবস্থান আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভবনটির। এ ছাড়া এ ক্যাম্পাসে প্রাথমিক বিদ্যালয়ের দুটি টিনেশেডের ও একটি তিনতলা পাকা ভবন আছে। টিনশেডের একটি ভবন ব্যবহারের অনুপযোগী। অপরটি ঝুঁকিপূর্ণ হলেও শ্রেণিকক্ষ–সংকটে সেটিতে পাঠদান চলছে।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মৌলভীবাজারের পৃথিমপাশার জমিদার নবাব আলী আমজাদ খান ১৯৩২ সালে আলী আমজাদ বালিকা বিদ্যালয় প্রতিষ্ঠা করেন। এখানে প্রথম থেকে দশম শ্রেণি পর্যন্ত পাঠদান করা হতো। পরে ১৯৬৯ সালে বালিকা বিদ্যালয়টিকে বালিকা উচ্চবিদ্যালয় হিসেবে সরকারি করা হয়। বালিকা উচ্চবিদ্যালয় করার পর প্রথম থেকে তৃতীয় শ্রেণি পর্যন্ত অংশ প্রাথমিক বিদ্যালয় হিসেবে পরিচালিত হতে থাকে। ১৯৭৩ সালে প্রাথমিক বিদ্যালয়ও সরকারি হয়। এতে দুই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা বেড়ে গেলে বালিকা উচ্চবিদ্যালয় একই বিদ্যালয়ের মালিকানার দক্ষিণ পাশের (পুকুরের দক্ষিণ পাশে) বৃহৎ অংশে স্থানান্তর করা হয়। প্রাথমিক বিদ্যালয় থেকে যায় পুরোনো ক্যাম্পাসে। ১৯৮২ সালে উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিক বিদ্যালয়কে ভবনসহ দায়িত্ব বুঝিয়ে দেয়। ওই সময় উচ্চবিদ্যালয় ও প্রাথমিক বিদ্যালয়ের জমির সীমানা চিহ্নিত হয়নি। জমি ব্যবহার নিয়ে দুই বিদ্যালয়ের মধ্যে বিভিন্ন সময়ে মতবিরোধের সৃষ্টি হয়। একপর্যায়ে দখলদারিত্ব ধরে রাখতে ’৯০ দশকে উচ্চবিদ্যালয় কর্তৃপক্ষ প্রাথমিক বিদ্যালয়ের সীমানাপ্রাচীরের মধ্যে একটি ভবন নির্মাণ করে।
এদিকে আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্ণা রায় ভৌমিক ও বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি মুহিবুর রহমান তরফদার ২০২১ সালের ২৫ মার্চ প্রাথমিক বিদ্যালয়ের ক্যাম্পাসে অবস্থিত আলী আমজাদ সরকারি বালিকা উচ্চবিদ্যালয়ের ভবন ও জমির জটিলতা নিরসনে সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে একটি চিঠি দেন। এ চিঠির পরিপ্রেক্ষিতে প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গে ভবনটি সমন্বয় করতে ২০২১ সালের ৩১ মার্চ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার মাধ্যমে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ে একটি চিঠি দেন। এ বিষয়ে আর অগ্রগতি হয়নি।
স্কুল কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, লেখাপড়ার মানবৃদ্ধিসহ অন্যান্য কার্যক্রমে ভালো করায় প্রাথমিক বিদ্যালয়টির একটি পরিচিতি আছে। যে কারণে অভিভাবকেরা তাঁদের সন্তানদের এই বিদ্যালয়ে ভর্তি করাতে চান। এতে ভর্তির চাপ বৃদ্ধি পেয়েছে। ছাত্র–ছাত্রীর সংখ্যা বেড়েছে। বিদ্যালয়ে বর্তমানে ৮২৮ জন শিক্ষার্থী। শিক্ষক আছেন ১২ জন। শ্রেণিকক্ষ আছে সাতটি, যা অপর্যাপ্ত। শ্রেণিকক্ষ–সংকটে ২০১৯ সাল থেকে বালিকা উচ্চবিদ্যালয়ের ভবনটিতে তৃতীয় ও পঞ্চম শ্রেণির ক্লাস নেওয়া হচ্ছে। বর্তমানে উচ্চবিদ্যালয়ের ভবনটিসহ পুরো ক্যাম্পাসটিই প্রাথমিক বিদ্যালয়ের দখলে আছে। তা সত্ত্বেও মালিকানা না থাকায় প্রাথমিক বিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষে উচ্চবিদ্যালয়ের ভবনটির রক্ষণাবেক্ষণ ও সংস্কারকাজ করা সম্ভব হচ্ছে না। এতে বিদ্যালয় বন্ধের সময় স্থানীয় বখাটে ও মাদকসেবীরা ভবনে আড্ডা দেয়। এমতাবস্থায় মালিকানাসংক্রান্ত জটিলতায় প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়নমূলক সম্প্রসারণের কাজ বাধাগ্রস্ত হচ্ছে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত ছাড়া এ জটিলতা নিরসনের সুযোগ নেই।