পানিনিষ্কাশনের ব্যবস্থা নেই
ঝুঁকির মুখে প্রকল্পের ঘর
চলতি বর্ষা মৌসুমে ভারী বর্ষণের ফলে এসব ঘরের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে উপকারভোগীরা দুশ্চিন্তায় রয়েছেন।
শেরপুরে প্রয়োজনীয় পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ও রক্ষণাবেক্ষণের অভাবে ব্যাঙেরমোড়-বালুরঘাট সড়কে গভীর খাদের সৃষ্টি হয়েছে। ফলে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের ডাকপাড়ায় ‘সৈকত গুচ্ছগ্রামে’ প্রধানমন্ত্রীর উপহার হিসেবে দেওয়া আশ্রয়ণ প্রকল্পের কয়েকটি ঘর ঝুঁকির মুখে রয়েছে।
চলতি বর্ষা মৌসুমে ভারী বর্ষণের ফলে এসব ঘরের ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে বলে উপকারভোগীরা দুশ্চিন্তায় রয়েছেন।
উপজেলা প্রশাসন, গুচ্ছগ্রামের উপকারভোগী এবং সড়ক ও জনপথ (সওজ) বিভাগ সূত্রে জানা গেছে, ১৯৮৯-৯০ সালে সদর উপজেলার ডাকপাড়া গ্রামে ৪ একর ৭২ শতাংশ জমির ওপর সৈকত গুচ্ছগ্রাম স্থাপন করা হয়। প্রাথমিকভাবে সেখানে ৬৮টি পরিবারকে বসবাসের জন্য ঘর তৈরি করে দেওয়া হয়। পরে ২০২১ সালে মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে আশ্রয়ণ প্রকল্পের আওতায় সেখানে আরও ৩০টি পরিবারকে দুই কক্ষবিশিষ্ট আধা পাকা ঘর নির্মাণ করে দেওয়া হয়। বর্তমানে এই গুচ্ছগ্রামে প্রায় ৫০০ মানুষ বাস করেন।
গুচ্ছগ্রামটি সদর উপজেলার ব্যাঙেরমোড়-বালুরঘাট সড়কের পশ্চিম পাশে অবস্থিত। সওজের মালিকানাধীন ব্যাঙেরমোড়-বালুরঘাট সড়কের দৈর্ঘ্য আধা কিলোমিটার ও প্রস্থ পাঁচ মিটার। কিন্তু সড়কটির পশ্চিম পাশে পানিনিষ্কাশনের ব্যবস্থা না থাকায় ও দীর্ঘদিন ধরে সড়কটিতে রক্ষণাবেক্ষণের কোনো কাজ না করায় সড়কের পূর্ব প্রান্তে প্রায় ৫০ ফুট অংশে খাদের সৃষ্টি হয়েছে। চলতি বর্ষা মৌসুমে একাধিকবার ভারী বর্ষণ হওয়ায় সড়কসংলগ্ন স্থানে নির্মিত আশ্রয়ণ প্রকল্পের অন্তত ১০টি ঘর ঝুঁকির মুখে রয়েছে।
গত রোববার সৈকত গুচ্ছগ্রামে দেখা যায়, ব্যাঙেরমোড়-বালুরঘাট সড়কের প্রবেশমুখে পানি জমে রয়েছে ও রাস্তাটি কাদামাটিতে ভরে আছে। সৈকত গুচ্ছগ্রামের পূর্ব প্রান্তে সড়কের বিভিন্ন অংশ ভেঙে গিয়ে গভীর খাদের সৃষ্টি হয়েছে। গভীর খাদটি আশ্রয়ণ প্রকল্পের কাছাকাছি চলে আসায় গৃহকর্মী হনুফা বেগম, প্রতিবন্ধী লালচানসহ অন্তত ১০ জন উপকারভোগীর ঘর ঝুঁকির মধ্যে রয়েছে। উপকারভোগীরা ভাঙন রোধে বালু ও পলিথিন দিয়ে বাঁধ দিয়ে রেখেছেন।
সৈকত গুচ্ছগ্রামের সভাপতি মো. নওশের আলী বলেন, যেকোনো সময় বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে। তাই সড়কের গভীর খাদের ভাঙন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ ও পানিনিষ্কাশনের জন্য সড়কের পশ্চিম পাশে নালা নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আবেদন জানান তিনি। বিষয়টি সদরের উপজেলা নির্বাহী কর্মকর্তাকে (ইউএনও) মৌখিকভাবে অবহিত করেছেন বলেও জানান তিনি।
সদরের ইউএনও মেহনাজ ফেরদৌস বলেন, গুচ্ছগ্রামের পার্শ্ববর্তী সড়কটি সওজ অধিদপ্তরের। তাই বিষয়টি নিয়ে তিনি জেলা প্রশাসকের সঙ্গে কথা বলবেন। তবে আশ্রয়ণ প্রকল্পের ঘরের যেন কোনো ক্ষতি না হয়, সে ব্যাপারে পদক্ষেপ নেবেন।
সওজের নির্বাহী প্রকৌশলী মো. মনিরুজ্জামান গতকাল সোমবার বলেন, সড়কটি রক্ষণাবেক্ষণের জন্য বরাদ্দ নেই। এরপরও সড়কের ভাঙন অংশ পরিদর্শন করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানাবেন।